শিশু সায়মা হত্যা: অশ্রুসিক্ত বাবার জবানিতে সাক্ষ্যগ্রহণ শুরু
রাজধানীর ওয়ারীতে ছয় বছরের শিশু সামিয়া আফরিন সায়মা হত্যা মামলার একমাত্র আসামি হারুন অর রশিদের বিরুদ্ধে আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
বুধবার প্রথম দিনে নিহত শিশুর বাবা ও মামলার বাদী আব্দুস ছালামের জবানবন্দি নেন ঢাকার এক নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কাজী আব্দুল হান্নান।
এদিন আরেক সাক্ষী বাসার দারোয়ান ফরিদ মোল্লারও জবানবন্দি নেয় আদালত। পরে দুই সাক্ষীকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবী আনোয়ার উল্লাহ। মামলায় অভিযোগপত্রভুক্ত সাক্ষী ১৮ জন।
প্রথম দুজনের সাক্ষ্য শেষে বিচারক সাক্ষীর জবানবন্দির জন্য ১৪ জানুয়ারি দিন ঠিক করে দেন।
সিলভারডেল স্কুলের ছাত্রী সাত বছরের সায়মাকে ধর্ষণের পর হত্যা ঘটনায় অভিযোগপত্রভুক্ত একমাত্র আসামি হারুনের (২৬) বিরুদ্ধে গত ২ জানুয়ারি অভিযোগ গঠন করে আদালত।
গত বছর ৫ নভেম্বর এই মামলার তদন্ত কর্মকর্তা ডিবির ওয়ারী জোনের পরিদর্শক মোহাম্মদ আরজুন আদালতে অভিযোগপত্রে দাখিল করেন।
অভিযোগপত্রে বলা হয়, ওয়ারিতে যে ভবনে সায়মা তার বাবা-মার সঙ্গে থাকত, ওই ভবনের আরেকটি ফ্ল্যাটে খালাত ভাই পারভেজের বাসায় প্রায় দুমাস ধরে থাকছিলেন কুমিল্লার হারুন। গতবছরের ৫ জুলাই সন্ধ্যায় পারভেজের ছোট ছেলের সঙ্গে খেলতে ওই বাসায় যায় সায়মা। তখন হারুন ছাদ দেখানোর কথা বলে শিশুটিকে ভবনের নবম তলার একটি খালি ফ্ল্যাটে নিয়ে গিয়ে ধর্ষণের পর হত্যা করেন।
এ ঘটনায় সায়মার বাবা আব্দুস সালাম পরদিন ওয়ারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ৭ জুলাই কুমিল্লার ডাবরডাঙা এলাকা থেকে আসামি হারুনকে গ্রেপ্তার করা হয়।
পরদিন হারুন আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন।
অশ্রুসিক্ত বাবার সাক্ষ্য
জবানবন্দিতে কান্নাজড়িত কণ্ঠে সায়মার আব্দুস ছালাম বলেন, মেয়েকে খুঁজতে খুঁজতে একই ভবনের নয় তলায় উত্তর পাশের ফ্ল্যাটের ইউনিটের মূল দরজা খোলা পেয়ে ভেতরে ঢুকেন তিনি। ফ্ল্যাটের উত্তর পাশের রুমে মেয়ের স্যান্ডেল পড়ে থাকতে দেখেন।
“স্যান্ডেল দেখে সন্দেহ হওয়ায় ভেতরের খোঁজাখুঁজি করে এক পর্যায়ে রান্নাঘরের সিংকের নিচে আমার মেয়ের লাশ পড়ে থাকতে দেখি। মেয়ের গলা শক্ত করে পাটের রসি দিয়ে পেঁচানো, মুখে জমাটবাঁধা রক্ত, পরণের প্যান্টের সামনের অংশ ছেড়া।
“তাকে উলঙ্গ অবস্থায় পাই, যৌনাঙ্গ দিয়ে রক্ত ঝরছিল। মেয়ের অবস্থা দেখে আমার সঙ্গে থাকা আমার অপর মেয়ে ও স্ত্রী চিৎকার করে রুম থেকে বের হয়ে যায়। আমি ওয়ারী থানায় ফোন করি।”
আরেক সাক্ষী দারোয়ান ফরিদ মোল্লা বলেন, ওই দিন সন্ধ্যা ৭টার দিকে তিনি সিঁড়ির নিচে দাঁড়ানো ছিলেন। তখন দেখেন হারুন উপর থেকে সিঁড়ি দিয়ে তড়িঘড়ি করে নামছে।
“আমি তাকে জিজ্ঞাসা করলে সে বলে পারভেজ সাহেবের বাচ্চার জন্য ওষুধ আনতে যাচ্ছি। তবে পরে আর তাকে ফেরত আসতে দেখিনি। এপর চিৎকার শুনে ভবনের ছয় তলায় যাই, গিয়ে দেখি, আব্দুস ছালামের বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।”
