২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের ওপর মানুষের আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী

জনগণের আস্থা, বিশ্বাস অর্জন করে জনগণের বাহিনী হিসেবে পুলিশকে গড়ে তুলতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2020, 01:44 PM

Updated : 10 Oct 2022, 06:53 PM

সোমবার সকালে প্রধানমন্ত্রী তার কার্যালয়ে আসা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে বলেন, “আসলে পুলিশকে জনতারই হতে হবে। জনগণ যেন আস্থা পায়, বিশ্বাস বিশ্বাস পায়।”

জরুরি সহায়তার ‘৯৯৯’ নম্বর সেবার কথা তুলে শেখ হাসিনা বলেন, “৯৯৯ করার ফলে এখন মানুষের সাংঘাতিক একটা আত্মবিশ্বাস এসেছে… কোনো একটা জায়গায় কোনো অন্যায় দেখলেই…একজনের ওপর অন্যায় হচ্ছে…আরেকজন সঙ্গে সঙ্গে ফোন করে দেয়। সাথে সাথে পুলিশ সেখানে পৌঁছে যাচ্ছে, ব্যবস্থা নিচ্ছে। এতে পুলিশের প্রতি আগে মানুষের যে অনীহা ছিল সেটা কিন্তু এখন আর নাই। এখন বরং পুলিশের প্রতি মানুষের আস্থা, বিশ্বাস বৃদ্ধি পেয়েছে। 

“আসলে এটাই থাকা সব থেকে বেশি প্রয়োজন। কাজেই আপনারা সেভাবেই কাজ করবেন। আমাদের এটাই লক্ষ্য। যত আমাদের অর্থনীতি শক্তিশালী হবে, যত আমাদের অর্থনীতি মজবুত হবে ততবেশি আমরা আমাদের সকল প্রতিষ্ঠানগুলোকে আরও উন্নত করতে পারব।”

আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা রাখায় পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানিয়ে তিনি কর্মকর্তাদের বলেন, “আপনারা যদি এটা না করতে পারতেন তাহলে হয়তো অর্থনৈতিক এই উন্নয়ন… উন্নতি বা অগ্রযাত্রাটা সম্ভব হতো না।”

প্রধানমন্ত্রী পুলিশ বাহিনীর উন্নয়নে নেয়া সরকারের বিভিন্ন উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি পুলিশের জন্য আলাদা মেডিকেল কোর করার প্রয়োজনীয়তার কথাও জানান।

“যদিও চিকিৎসা ফ্রি, তবে পুলিশ হাসপাতালে যখন কোনো ডাক্তার নিয়োগ দিতে যাই, সেখানে তারা আসতে চায় না। পুলিশের মধ্যে কে ডাক্তার আছে তাকে খুঁজে অনেক সময় সেখানে দায়িত্ব দিতে হয়। কাজেই আপনারা যদি আলাদা একটা ইউনিট করে ফেলেন ডাক্তারদের জন্য, সেটা আপনাদের নিজেদের চিকিৎসার জন্য একটা সুবিধা হবে।”

শিল্প পুলিশকে আরও শক্তিশালী করার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “যুগের পরিবর্তনের সাথে সাথে অপরাধের ধরনও কিন্তু পাল্টায়। তার সঙ্গে তাল মিলিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থারও ট্রেনিং হওয়া দরকার। প্রয়োজন মতো সেই সমস্ত ট্রেনিং করা একান্ত জরুরি। সেই কারণেই আমরা কিন্তু ট্রেনিংয়ের উপর সবথেকে গুরুত্ব দেই।”

বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধের নামে ‘অগ্নিসন্ত্রাসের’ সমালোচনা করে তিনি প্রধানমন্ত্রী বলেন, “আমরা দেখেছি জ্বালাও-পোড়াও হরতাল-অবরোধ মানুষ খুন করা। এমনকি পুলিশ সদস্যদেরকে হত্যা করা…ধরে ফেলে পেটাচ্ছে, মারছে। সেই ভয়াবহ দৃশ্য আমরা দেখেছি। পুলিশের গাড়িতে আগুন দিচ্ছে। 

“বিএনপি-জামায়াতের হাত থেকে কেউ রেহাই পায়নি…আমাদের হাজার হাজার নেতাকর্মী…হাত কাটা, তাদের চোখ তুলে ফেলা, হাতুড়ি দিয়ে হাড় গুঁড়ো গুঁড়ো করে মারা…এরকম বহু ঘটনা এবং নৃশংসতা আমরা দেখেছি। এইসব অবস্থাও মোকাবেলা করে আজকে দেশ এগিয়ে যাচ্ছে। এখন বাংলাদেশ সারাবিশ্বে প্রবৃদ্ধি অর্জনে অনেক উপরে উঠে আছে। ৮.১৫ ভাগ আমরা প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছি। মাথাপিছু আয় দুই হাজার ডলারের কাছাকাছি চলে এসেছি।”

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীন, পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।