২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনার বারসহ গ্রেপ্তার বিমানের পরিচ্ছন্নতাকর্মীরা রিমান্ডে

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোনার বারসহ গ্রেপ্তার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তিন পরিচ্ছন্নতা কর্মীকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে ঢাকার একটি আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2020, 10:48 PM

Updated : 08 Apr 2022, 12:10 AM

মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস রোববার তাদের রিমান্ড মঞ্জুর করেন। 

এই বিমানকর্মীরা হলেন- সুমন শিকদার, শাহীন হোসেন ও বেলাল আকন।

শনিবার সকালে সুমনের দেহ তল্লাশি করে দুই কেজি ৩২০ গ্রাম ওজনের ২০টি সোনার বার উদ্ধার করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএনের সদস্যরা।

এই ঘটনায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই কবির হোসেন রোববার আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

আদালতে আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিল না।

শুনানি শেষে বিচারক তাদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

বিমানকর্মীদের বিরুদ্ধে মামলায় বলা হয়েছে, শনিবার আবুধাবি থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ পরিষ্কার শেষে নামার সময় পুলিশ তিন পরিচ্ছন্নতা কর্মীকে তল্লাশি করতে চায়। এতে আসামিরা পুলিশের সাথে খারাপ আচরণ করে। এ সময় পুলিশ তাদের এপিবিএন অফিসে নিয়ে তল্লাশি চালায়। এ সময় সুমন শিকদারের কেডসের মধ্যে ১০টি করে মোট ২০টি সোনার বার পাওয়া যায়। এসব সোনার বারের ওজন ২ কেজি ৩৩২ গ্রাম, মূল্য ৭৫ লাখ টাকা।

পুলিশের রিমান্ড আবেদনে বলা হয়, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছে, সহযোগী পলাতক আসামি বিমানের টেকনিশিয়ান মো. কালাম সোনার বারগুলো তাদের দিয়ে বিমানবন্দরের বাইরে নিতে বলে। এতে তাদের প্রত্যেককে ২০ হাজার টাক করে দেয়ার প্রতিশ্রুতি দেয় সে। আসামিরা চোরাচালান চক্রের সক্রিয় সদস্য।

“তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সুইপার পদে চাকরি করার সুবাধে চোরাচালান চক্রের সঙ্গে জড়িয়ে একে অপরের সহায়তায় সোনাসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র শুল্ক ফাঁকি দিয়ে বিমানবন্দরের বাইরে পাচার করে।”