৭ বছর পর ম্যানচেস্টারের পথে বিমান
সাত বছর পর চালু হল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-ম্যানচেস্টার ফ্লাইট।
উড়োজাহাজ স্বল্পতার কারণে ২০১২ সালের সেপ্টেম্বরে ম্যানচেস্টার ফ্লাইট বন্ধ করে দিয়েছিল রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থাটি।
এরপর কয়েকটি উড়োজাহাজ কেনে বিমান। গত মাসেই নতুন দুটি ড্রিমলাইনার যোগ হয় বহরে।
নতুন সংযোজিত বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার দিয়েই রোববার উদ্বোধন হল ঢাকা-ম্যানচেস্টার ফ্লাইটের পুনঃযাত্রা।
বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজি ০০৭ ফ্লাইটটি ২৬৯ জন যাত্রী নিয়ে ম্যানচেস্টারের উদ্দেশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী ম্যানচেস্টার ফ্লাইট উদ্বোধন করেন।
সপ্তাহে ৩ দিন রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার এই ফ্লাইট পরিচালিত হবে।
ম্যানচেস্টার নিয়ে বিমান এখন ১৭টি রুটে ফ্লাইট পরিচালনা করছে।
