ড্রিমলাইনার দিয়ে ফের চালু হচ্ছে বিমানের ম্যানচেস্টার ফ্লাইট
বহরে নতুন যোগ হওয়া বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার দিয়ে ঢাকা-ম্যানচেস্টার ফ্লাইট পুনরায় শুরু করতে যাচ্ছে বিমান।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রোববার ঢাকা-ম্যানচেস্টার চালু হবে।
সপ্তাহে তিন দিন রোব, মঙ্গলবার ও বৃহস্পতিবার চলবে এই ফ্লাইট।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থেকে ম্যানচেস্টার ফ্লাইট উদ্বোধন করবেন।
উড়োজাহাজ স্বল্পতার কারণে ২০১২ সালের সেপ্টেম্বরে ম্যানচেস্টার ফ্লাইট বন্ধ করে দিয়েছিল বিমান।
এরপর কয়েকটি উড়োজাহাজ কেনে বিমান। গত মাসেই নতুন দুটি ড্রিমলাইনার যোগ হয় বহরে।
বর্তমানে বিমানের বহরে রয়েছে ৬টি ড্রিমলাইনারসহ মোট ১৮টি উড়োজাহাজ।
ম্যানচেস্টার নিয়ে বিমান এখন ১৭টি রুটে ফ্লাইট পরিচালনা করছে।
দুটি ড্যাশ-৮ বিক্রি করতে চায় কানাডা
কানাডার সরকারি কোম্পানি ‘কানাডা কমার্শিয়াল কর্পোরেশন’ বাংলাদেশের কাছে দুটি স্বল্পপাল্লার ড্যাশ-৮ কিউ-৪০০ উড়োজাহাজ বিক্রির আগ্রহ প্রকাশ করেছে।
বাংলাদেশে কানাডার হাইকমিশনার বেনোয়া প্রেফেতের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার সচিবালয়ে গিয়ে বেসামরিক প্রতিমন্ত্রী মাহবুব আলীর সঙ্গে দেখা করে এই প্রস্তাব দেন।
বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশন নতুন উড়োজাহাজ দুটি ২০২১ সালের মধ্যেই সরবরাহ করতে সক্ষম হবে বলে জানায়।
হাইকমিশনারের প্রস্তাবের জবাবে প্রতিমন্ত্রী কানাডাকে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়ার অনুরোধ করেন।
বাংলাদেশের পক্ষ থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জ্যে সচিব মো. মহিবুল হক প্রতিনিধি দলকে বলেন, আনুষ্ঠানিক প্রস্তাব পাওয়ার পর বিমান দুটির মূল্য এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয় পর্যালোচনা সাপেক্ষে তা সন্তোষজনক হলে বাংলাদেশ নতুন উড়োজাহাজ কিনতে পারে।
বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ হতে কানাডার টরন্টোতে সরাসরি বিমানের ফ্লাইট পরিচালনায় কানাডার সহযোগিতা চাওয়া হয়।
