ঢাকার জুরাইনে ট্রেনের ধাক্কায় দিনমজুর নিহত
ঢাকার জুরাইন রেলগেইট এলাকায় ট্রেনের ধাক্কায় এক দিনমজুর নিহত হয়েছে।
নিহতের নাম ইদ্রিস আলী (৬০)। সাতক্ষীরা জেলার আশাশুনি থানার সিরুলা গ্রামের ইদ্রিস ঢাকায় কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় থাকতেন।
রোববার সকাল সাড়ে১০টায় নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় ইদ্রিস আহত হন। বেলা সাড়ে ১২টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থলে থাকা আনোয়ার হোসেন নামে এক ব্যক্তি ইদ্রিসকে হাসপাতালে নিয়ে আসেন।
তিনি সাংবাদিকদের জানান, ইদ্রিস মাটি কাটার কাজ করতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য ইদ্রিসের লাশ মর্গে রাখা হয়েছে। সোমবার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
