ঘুষ: বাছির, মিজানের বিরুদ্ধে প্রতিবেদন জমা হয়নি
ঘুষ কেলেঙ্কারির মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক খন্দকার এনামুল বাছির ও পুলিশের ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা পিছিয়েছে।
রোববার নির্ধারিত দিনে দুদকের পরিচালক শেখ মো. ফানাফিল্লা আদালতে প্রতিবেদন জমা দিতে না পারায় ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েশ ৯ ফেব্রুয়ারি নুতন দিন ঠিক করেন বলে পেশকার ফয়েজ আহমেদ জানান।
৪০ লাখ টাকা ঘুষ লেনদেনের অভিযোগে গত ১৬ জুলাই ফানাফিল্যা মানি লন্ডারিং আইনে সংস্থার ঢাকা-১ সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন। এর মধ্যে দুদক পরিচালকের পদ থেকে বাছির ও মিজানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গত ৯ জুন প্রচারিত টিভির প্রতিবেদন অনুযায়ী, ডিআইজি মিজানের বিরুদ্ধে পরিচালিত দুর্নীতির অনুসন্ধান থেকে দায়মুক্তি পেতে দুদক পরিচালক বাছিরকে ৪০ লাখ টাকা ঘুষ দিয়েছিলেন ডিআইজি মিজান। ঘুষ লেনদেন সংক্রান্ত কথোপকথন রেকর্ড করে ওই চ্যানেলকে দিয়েছিলেন মিজান।
এঘটনায় দুদকের সচিব মুহাম্মদ দিলোয়ার বখতের নেতৃত্বে তিন সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি প্রতিবেদন পর্যালোচনা করে বাছিরকে দুদকের তথ্য অবৈধভাবে পাচার, চাকরির শৃঙ্খলা ভঙ্গ ও সর্বোপরি অসদাচরণের অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করে কমিশন।
অন্যদিকে ২০১৮ সালে একটি জাতীয় দৈনিকে ডিআইজি মিজানের বিরুদ্ধে এক সংবাদ পাঠিকাকে জোর করে বিয়ে করার সংবাদ প্রকাশের ঘটনায় পুলিশ সদর দপ্তরসহ দুদকে তদন্ত কমিটি গঠন করা হয়। ২৫ জুন তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনারের পদ থেকে তাকে প্রত্যাহার করে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত করা হয়।
গত বছর ২২ জুলাই এনামুল বাছিরকে গ্রেপ্তার করে দুদকের একটি দল। সেই থেকে তিনি কারাগারে। অপরদিকে আরেক মামলায় গ্রেপ্তার ডিআইজি মিজানকে এই মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়।
