ট্রেন ইঞ্জিন লাইনচ্যুত হয়ে সড়কে চলাচলে বিঘ্ন
ঢাকায় কমলাপুর রেল স্টেশনের কাছে খিলগাঁও লেভেল ক্রসিংয়ে ট্রেনের একটি ইঞ্জিনের লাইনচ্যুতি বিঘ্ন ঘটিয়েছে সড়কে চলাচলে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে শান্টিং লাইনে এই ঘটনাটি ঘটে। এতে কেউ হতাহত হয়নি বলে রেলওয়ে পুলিশ জানিয়েছে।
এতে কিছু সময়ের জন্য ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ ছিল বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে থানার ওসি মো. রকিবুল ইসলাম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কমলাপুর রেলস্টেশন থেকে শুধু ইঞ্জিনটি প্রতিদিনের মতো খিলগাঁও রেল গেইট হয়ে আবার কমলাপুরে রেল স্টেশন প্লাটফর্ম ফিরে যায়। কিন্তু আজ ইঞ্জিনটি লাইনচ্যুত হয়ে রাস্তায় উঠে গিয়েছিল।”
তবে স্থানীয়রা জানিয়েছেন, এসময় সিলেট থেকে আসা পারাবত এক্সপ্রেস ট্রেনটি খিলগাঁও রেল গেইটে কিছুক্ষণ আটকে ছিল।
রেল পুলিশের ওসি রাকিবুল বলেন, “কিছু সময়ের জন্য সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ ছিল। ইঞ্জিনটি রাস্তার এক পাশে সরিয়ে ফেলার পর যান চলাচলও স্বাভাবিক হয়।”
