দশ বছর পর ইসলামিক ফাউন্ডেশনে নতুন ডিজি
দীর্ঘ দশ বছর নতুন মহাপরিচালক (ডিজি) পেল ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সোমবার অতিরিক্ত সচিব মু. আ. হামিদ জমাদ্দারকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে আর্থিক ক্ষমতাসহ ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের দায়িত্ব দিয়ে অফিস আদেশ জারি করেছে।
অনিয়ম, দুর্নীতির অভিযোগে আলোচিত সামীম মোহাম্মদ আফজালের স্থলাভিষিক্ত হলেন হামিদ জমাদ্দর।
২০০৯ সালের জানুয়ারিতে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে যোগ দেন সামীম। এরপর দফায় দফায় তার চুক্তির মেয়াদ বাড়ায় সরকার।
একজন পরিচালককে ‘ক্ষমতার অপব্যবহার’ করে সাময়িক বরখাস্ত করার অভিযোগে এর আগে সামীমকে কারণ দর্শাতে বলেছিল ধর্ম মন্ত্রণালয়। তার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগে তুলে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলনও করেন।
