শিক্ষা মন্ত্রণালয়ের অর্জন খুঁজতে কমিটি
নতুন মন্ত্রী-উপমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক বছরের অর্জন খুঁজতে উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি কমিটি করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ গত ১৭ ডিসেম্বর এক অফিস আদেশে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন দপ্তরগুলোর উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে ১৬ সদস্যের এই কমিটি করেছে।
শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এমন কমিটিকে ‘বিরল’ মন্তব্য করে বলছেন, মন্ত্রণালয়ের অর্জন খুঁজতে এমন নজির আগে ছিল না।
বছরের শুরুতে গঠিত নতুন মন্ত্রিসভায় দীপু মনি শিক্ষামন্ত্রী এবং মহিবুল হাসান চৌধুরী নওফেল উপমন্ত্রীর দায়িত্ব পান। আগামী ৭ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ে তাদের দায়িত্ব পালনের এক বছর পূর্ণ হবে।
অফিস আদেশে বলা হয়েছে, ‘মাননীয় মন্ত্রীর এবং মাননীয় উপমন্ত্রীর শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব পালনের এক বছর পূর্তিতে শিক্ষাক্ষেত্রে এ বিভাগের অর্জন সম্পর্কিত একটি প্রতিবেদন প্রস্তুত করার লক্ষ্যে’ এই কমিটি গঠন করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (কলেজ) মো. বেলায়েত হোসেন তালুকদারকে কমিটির সভাপতি করা হয়েছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং বাংলাদেশে অ্যাক্রিডিটেশন কাউন্সিলের একজন করে প্রতিনিধিকে কমিটিতে সদস্য রাখা হয়েছে।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক, বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিপ্তরের মহাপরিচালককে কমিটিতে সদস্য করা হয়েছে।
এছাড়া জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির মহাপরিচালক, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির চেয়ারম্যান, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সদস্য সচিব এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিবকে কমিটিতে সদস্য করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিবকে (প্রশাসন ও সংস্থাপন) কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
এই কমিটিকে আগামী এক সপ্তাহের মধ্যে শিক্ষামন্ত্রী ও উপমন্ত্রীর এক বছর পূর্তি উপলক্ষে এ বিভাগের অর্জন সম্পর্কিত বিষয়ে একটি প্রতিবেদন প্রস্তুত করে তা দাখিল করতে বলা হয়েছে।
কমিটি গঠনের অফিস আদেশে স্বাক্ষর করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব (সেবা) মো. শামসুল আলম।
মঙ্গলবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ইতোমধ্যে কমিটি কাজ শুরু করেছে। মঙ্গলবার এ কমিটির সদস্যরা এ বিষয়ে কাজ করেছেন, রিপোর্টও প্রায় চূড়ান্ত।”
