২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের উন্নয়নের লক্ষ্য গ্রামকেন্দ্রিক: প্রধানমন্ত্রী

তৃণমুল জনগোষ্ঠির কাছে উন্নয়নের সুফল পৌঁছে দিতে গ্রামকে কেন্দ্র করে উন্নয়ন প্রকল্প নেওয়ার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের উন্নয়নের লক্ষ্য হচ্ছে গ্রামকেন্দ্রিক, যাতে তৃণমূল পর্যায়ের জনগোষ্ঠি এর সুফল পায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2019, 08:43 PM

Updated : 18 Aug 2022, 06:17 PM

বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত দেভরিম ওজতুর্ক মঙ্গলবার বিকালে প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে শেখ হাসিনা প্রধানমন্ত্রী এ কথা বলেন।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।  

তিনি বলেন, সাক্ষাতে দেশের ধারাবাহিক অগ্রগতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেছেন, দেশের প্রবৃদ্ধি এখন ৮ দশমিক ১৫ শতাংশ, মাথা পিছু আয় ১৯০৯ ডলার এবং দারিদ্র্যের হার কমে ২০ শতাংশে নেমে এসেছে।

এ সময় বাংলাদেশের সামগ্রিক অগ্রগতির ভূয়সী প্রশংসা করে বিদায়ী রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে এ উন্নয়ন সম্ভব হয়েছে।

ওজতুর্ক বাংলাদেশে তার দেশের বিনিয়োগের আগ্রহের কথা তুলে ধরে বলেন, তুরস্ক বাংলাদেশে বিশেষ করে জ্বালানি খাতে বিনিয়োগে করতে চায়।

তুরস্কের রাষ্ট্রদূত বলেন, তার দেশ বাংলাদেশের মতো ভাতৃপ্রতীম দেশের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয়।

দুই দেশ নিজেদের মধ্যে অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময়ে প্রস্তুত বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত।

সাক্ষাতকালে রোহিঙ্গা সঙ্কট সমাধানে সমর্থন ও সহযোগিতার জন্য তুরস্ককে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।