২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিডিবির নতুন চেয়ারম্যান সাঈদ আহমেদ

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নতুন চেয়ারম্যান হিসাবে যোগ দিয়েছেন প্রকৌশলী সাঈদ আহমেদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2019, 07:01 PM

Updated : 08 Apr 2022, 05:14 PM

মঙ্গলবার তিনি বোর্ডের ৩৫তম চেয়ারম্যান হিসাবে যোগ দেন।

পিডিবির জনসংযোগ সাইফুল হাসান চৌধুরী বলেন, আগের চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ দুই বছরের জন্য চুক্তিভিত্তিক ছিলেন। তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর পিডিবির সদস্য (উৎপাদন) সাঈদ আহমেদ চেয়ারম্যানের দায়িত্বে এসেছেন।

সাঈদ আহমেদ ১৯৬১ সালের ১ ফেব্রুয়ারি রংপুরে জন্মগ্রহণ করেন। রংপুর জেলা স্কুল থেকে ১৯৭৫ সালে এসএসসি এবং ১৯৭৭ সালে কারমাইকেল কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন।

১৯৮২ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং (ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস) ডিগ্রি অর্জন করেন সাঈদ। ১৯৮৪ সালে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে সহকারী প্রকৌশলী হিসেবে কর্মজীবন শুরু করেন।

এরপর তিনি ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত বড়পুকুরিয়া কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ও ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রে দায়িত্ব পালন করেন।

২০০৮ থেকে ২০১৩ পর্যন্ত সময়ে ছিলেন পাওয়ার সেলের পরিচালক। পিডিবিতে ২০১৪-২০১৫ সালে পরিচালক (সিস্টেম প্ল্যানিং), ২০১৬-২০১৭ সালে প্রধান প্রকৌশলী (প্রাইভেট জেনারেশন) এবং প্রধান প্রকৌশলী (উৎপাদন) হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।