২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের ভূমিকা থাকবে, আশা রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন তুরস্কের রাষ্ট্রদূত দেভরিম ওজতুর্ক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2019, 06:56 PM

Updated : 08 Apr 2022, 05:14 PM

মঙ্গলবার বিকালে বঙ্গভবনে সাক্ষাৎ পর্ব শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, “সাক্ষাতে রাষ্ট্রপতি বলেছেন, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক অত্যন্ত চমৎকার এবং এই সম্পর্ক ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।”

রোহিঙ্গা সমস্যা সমাধানে তুরস্কের ‘কার্যকর ভূমিকার’ প্রশংসাও করেন আবদুল হামিদ।

রাষ্ট্রপতি বলেন, “তুরস্ক জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও সসম্মানে নিজ দেশে প্রত্যাবর্তনে জোরালো ভূমিকা রাখছে।”

তুরস্কের এই ভূমিকা অব্যাহত থাকবে বলে বিদায়ী রাষ্ট্রদূতের কাছে আশাবাদ প্রকাশ করেন তিনি।

পাশাপাশি সফলভাবে দায়িত্ব পালনের জন্য রাষ্ট্রপতি আবদুল হামিদ বিদায়ী তুর্কী দূতকে ধন্যবাদও জানান ।

বাংলাদেশ ও তুরস্কের বাণিজ্য-বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণে ভূমিকা রাখায় বিদায়ী দূতের প্রশংসা করে আবদুল হামিদ বলেন, “সামনের দিনগুলোতে বাণিজ্য-বিনিয়োগ সম্পর্ক আরও সম্প্রসারণে দেশ দুটি প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।”

প্রেস সচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, “তুরস্কের দূত তার দায়িত্বপালনে সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতি ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তার দেশ সবসময় বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয়।”

দেভরিম ওজতুর্ক বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন, বিশেষ করে শিক্ষা ও নারীর ক্ষমতায়নের প্রশংসা করেন।

আশা প্রকাশ করে তিনি বলেন, “দুদেশের বিদ্যমান সম্পর্ক সামনের দিনে বিভিন্ন ক্ষেত্রে আরও শক্তিশালী হবে।”

রাষ্ট্রপতির কার্যালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।