২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়কে নির্মাণসামগ্রীর বিরুদ্ধে অভিযানে ডিএনসিসি

সড়কে নির্মাণসামগ্রী রেখে জনসাধারণের চলাচল বিঘ্নকারীদের বিরুদ্ধে অভিযানে নেমেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2019, 03:59 PM

Updated : 10 Oct 2022, 09:49 PM

পুরনো খবর:

নির্মাণ কাজে ধুলা উড়বে, এটাই বাস্তবতা: কাদের
বায়ু দূষণ কমাতে নীতিমালা তৈরির কাজ শুরু
মহাখালীর ফুটপাত বারোয়ারি পণ্যের বাজার

মঙ্গলবার রাজধানীর নিকেতন এলাকায় অভিযান শুরু করে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত। এ সময় ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

সড়কে রাখা নির্মাণসামগ্রী পরিবেশ দূষণ করছে জানিয়ে আতিকুল ইসলাম বলেন, এখন থেকে নিয়মিত কার্যক্রম চালাবেন তারা।

“আমি আগেই বলেছিলাম, ভালোবাসার দিন শেষ, এখন জরিমানার দিন শুরু। শহর উন্নত হচ্ছে, এজন্য উন্নয়নের ধারাবাহিকতা চলবেই। কিন্তু যারা এসব কাজ করবেন, জনগণের যেন কোনো অসুবিধা না হয় সেদিকে তারা খেয়াল রাখবেন।

“আমরা উন্নয়ন কাজ করব কিন্তু জনগণকে তোয়াক্কা করব না, তা হতে পারে না। এজন্য আমরা সবাইকে মেসেজ দিচ্ছি আপনারা যারা ফুটপাতে বা রাস্তায় অবৈধভাবে এসব নির্মাণসামগ্রী রেখে দিচ্ছেন তারা ঠিক হয়ে যান।”

মেয়র জানান, এসব বিষয় নজরদারি করতে ডিএনসিসির কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

“আমি বলে দিয়েছি যে আপনারা দেখুন কোথায় কোথায় রাস্তায় নির্মাণসামগ্রী রাখা হয়েছে। আজ থেকে সব আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা প্রত্যেক শুক্রবার বের হবেন। তারা ছবি নিয়ে দেখবেন কোন কোন কোম্পানি এসব কাজ করছে। আমরা এগুলোর একটা ফাইল তৈরি করব। তারা নিয়ম মেনে কাজ করছে কিনা সেটাও দেখব। সব উন্নয়ন কাজ করবে কিন্তু কমপ্লায়েন্স মেনে চলতে হবে।”

সিটি করপোরেশনের ঠিকাদাররা নিয়ম মেনে কাজ করছে কিনা সেটাও দেখা হবে বলে জানান মেয়র আতিক।

আসছে ডিএনসিসি নির্বাচনে আওয়ামী লীগের টিকেট পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী কিনা জানতে চাইলে আতিকুল ইসলাম বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি নাগরিকদের উন্নয়নে কাজ করেছেন। এজন্য আশাবাদী তিনি।

“মনোনয়ন পাব কিনা সেট জনগণ দেখবে, দলও দেখবে। আমি তো প্রত্যাশী মনোনয়ন পাওয়ার ব্যাপারে। অবশ্যই চাই দল আমাকে মনোনয়ন দিক।”

অভিযানের শুরুতে নিকেতনের ৮ নম্বর সড়কের কয়েকটি নির্মাণাধীন ভবনের সামনে রাখা নির্মাণসামগ্রী সরিয়ে দেয় ডিএনসিসি।