২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড়দিন ঘিরে পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিনকে কেন্দ্র করে আগামী ২৫ ডিসেম্বর ঢাকা মহানগরীতে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2019, 09:31 PM

Updated : 18 Aug 2022, 06:17 PM

সোমবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর সকল গির্জাগুলোকে তিনভাগে ভাগ করে এই নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে।

বড়দিনের উৎসবে নিরাপত্তার জন্য গঠিত এই পরিকল্পনার সাথে কিছু নির্দেশাবলী এবং পরামর্শও দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। 

প্রত্যেকটি চার্চের নিরাপত্তায় কর্তব্যরত পোশাকে ও সাদা পোশাকে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য নিয়োজিত থাকবে। 

গির্জায় প্রবেশের মুখে আর্চওয়ে দিয়ে প্রত্যেক দর্শনার্থীকে ঢুকতে হবে এবং মেটাল ডিটেক্টর দিয়েও তাদের তল্লাশী করা হবে।

এদিন নিরাপত্তার স্বার্থে হ্যান্ডব্যাগ, ট্রলি ব্যাগ, বড় ভ্যানিটি ব্যাগ, পোটলা, দাহ্য পদার্থ, ছুরি, অস্ত্র, কাঁচি, ক্ষতিকারক তরল, ব্লেড, দিয়াশলাই, গ্যাসলাইট  ইত্যাদি সাথে নিয়ে চার্চে প্রবেশ না করার জন্য অনুরোধ জানিয়েছে আইন-শৃঙ্খলাবাহিনী।

নিরাপত্তা জোরদারে পর্যাপ্ত সিসি ক্যামেরায় সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা করতে চার্চ কর্তৃপক্ষগুলোকে পরামর্শ দেওয়া হয়েছে। এক্ষেত্রে পুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে বলেও তাদের নির্দেশনায় বলা হয়েছে।

এছাড়া প্রতিটি চার্চে আর্মড ব্যান্ডসহ নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োজিত করার অনুরোধ করা হয়েছে। নারী দর্শনার্থীদের তল্লাশীর জন্য নারী স্বেচ্ছাসেবক নিয়োগের পরামর্শও দেওয়া হযেছে।

নির্দেশনায় বলা হয়, এই স্বেচ্ছাসেবক দল তল্লাশীর সময় পুলিশকে সাহায্য করবে। 

চার্চের আশপাশে কোনো ধরনের ভাসমান দোকান ও হকার না বসানো এবং পকেটমার, ছিনতাইকারী, অজ্ঞান পার্টি, মলমপার্টি সম্পর্কে দর্শনার্থীদের সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

যে কোনো অনুষ্ঠানস্থল ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করা হবে, বলে জানানো হয়েছে ডিএমপির ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।

এছাড়া আগুন নিয়ন্ত্রেণের ব্যবস্থার পাশপাশি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা এবং চার্চ এলাকায় পর্যাপ্ত আলোর জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা থাকবে।

উন্মুক্ত স্থানে বা বাড়ির ছাদে গান-বাজনা করা, আতশবাজি ফোটানো বা ডিজে পার্টি সম্পূর্ণ নিষিদ্ধ করার পাশপাশি ঢাকা মহানগরীর চার্চ এলাকায় যত্রতত্র যানবাহন পার্কিং করে যানজট সৃষ্টি করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে ডিএমপির এই ঘোষণায়। 

পাশাপাশি যে কোনো অনুষ্ঠানস্থলে ইভটিজিং প্রতিরোধে পুলিশের সহায়তা নেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে।

চার্চ ও তার আশপাশের এলাকায় সন্দেহজনক কোনো ব্যক্তি বা বস্তু পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ পুলিশকে অবহিত অথবা ৯৯৯ নম্বরে কল করার জন্য বলেছে ডিএমপি।