ঢাকা সিটি ভোটের মনোনয়ন ফরম মঙ্গলবার থেকে
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আসন্ন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদের মঙ্গলবার থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু হবে।
ইসির নির্বাচন পরিচালনা শাখার যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান জানান, নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুকরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ণ ফরম সংগ্রহ করতে পারবেন।
ডিএনসিসির রিটার্নিং কর্মকর্তা হিসেবে ইসির যুগ্ম সচিব আবুল কাসেম ও ডিএসসিসির রিটার্নিং কর্মকর্তা হিসেবে মো. আবদুল বাতেনের কাছ থেকে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়ন ফরম নিতে হবে।
উত্তর সিটির প্রার্থীরা আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) থেকে ও দক্ষিণের প্রার্থীরা মতিঝিল কমিউনিটি সেন্টার থেকে মনোনয়ন ফরম নেবেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর, মনোনয়নপত্র -বাছাই ২ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ৯ জানুয়ারি, প্রতীক বরাদ্দ ১০ জানুয়ারি, আর ভোট হবে ৩০ জানুয়ারি।
ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম দিতে ৪০ দলকে চিঠি
দলীয় প্রতীকের মেয়র প্রার্থীদের প্রত্যয়নের ক্ষমতা কার, তা জানাতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) নির্বাচন বিধিমালা অনুযায়ী, রাজনৈতিক দলের মনোনীত মেয়র প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সভাপতি বা সাধারণ সম্পাদক বা সমপর্যায়ের পদাধিকারীর মধ্য থেকে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির স্বাক্ষরিত একটি প্রত্যয়নপত্র থাকতে হবে।
রাজনৈতিক দলগুলোকে প্রার্থী মনোনয়নে তাদের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম, পদবি, নমুনা স্বাক্ষরসহ একটি চিঠি তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে রিটার্নিং কর্মকর্তাকে জমা দিতে হবে।
ইসি কর্মকর্তারা জানিয়েছে, সিটি নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হতে ৩০০ ভোটারের স্বাক্ষরযুক্ত তালিকা মনোনয়নপত্রের সাথে দাখিল করতে হবে। তবে কোনো স্বতন্ত্র মেয়র প্রার্থী আগে সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়ে থাকলে তার জন্য ভোটারের স্বাক্ষরযুক্ত তালিকা প্রয়োজন হবে না।
আগাম প্রচার সরানোর নির্দেশ
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনের যে কোনো আগাম প্রচার কাজ থেকে বিরত থাকতে নির্দেশনা দিয়েছে ইসি।
২৫ ডিসেম্বরের মধ্যে সম্ভাব্য প্রার্থীদের সব ধরনের আগাম প্রচার প্রচারণা নিজ উদ্যোগে সরিয়ে ফেলতে বলা হয়েছে।
ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান বলেন, “আগাম প্রচার কাজ বন্ধ করার জন্য সম্ভাব্য প্রার্থীদের সময় তিন দিন । এক্ষেত্রে ২২ ডিসেম্বর তফসিল ঘোষণা হওয়ায় ২৫ ডিসেম্বরের মধ্যে সকল ধরনের প্রচার কাজ বন্ধ করতে হবে। সরাতে হবে সব ধরনের আগাম প্রচার সামগ্রী।”
আচরণবিধি নিয়ন্ত্রণে ৪৩ ম্যাজিস্ট্রেট
নির্বাচনী আচরণবিধি প্রতিপালন ও সিটি বিধিমালা অনুযায়ী নির্বাচনী অপরাধ এবং আইনশৃঙ্খলা রক্ষা, মোবাইল কোর্ট পরিচালনার জন্য দুই সিটিতে ৪৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন। এজন্য প্রয়োজনী ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব বরাবর একটি চিঠি পাঠানো হয়েছে।
পর্যবেক্ষক হতে আবেদন ৩১ ডিসেম্বর পর্যন্ত
ঢাকা সিটি নির্বাচন পর্যবেক্ষণে ইচ্ছুক সংস্থাগুলোকে আবেদন করতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির জনসংযোগ পরিচালক ইসরাইল হোসেন বলেন, কোনো দেশীয় পর্যবেক্ষক সংস্থা এ নির্বাচন পর্যবেক্ষণ করতে চাইলে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে। এ নির্দেশনা সোমবার নিবন্ধিত স্থানীয় ১১৮টি পর্যবেক্ষক সংস্থার কাছে পাঠানো হয়েছে।
“নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা-২০১৭ মোতাবেক নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার ১০ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বরের মধ্যে কোনো নির্দিষ্ট এলাকা বা এলাকা সমূহে কেন্দ্রীয় বা স্থানীয়ভাবে নির্বাচন পর্যবেক্ষণ করতে ইচ্ছুক, তা উল্লেখ করে নির্বাচন কমিশন সচিব বরাবার লিখিত আবেদন করতে হবে,” বলা হয়েছে নির্দেশনায়।
নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
ভোট করতে পদ ছাড়তে হবে মেয়রকে
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হতে হলে বর্তমান মেয়রদের পদত্যাগ করতে হবে। তবে কাউন্সিলররা নিজেদের পদে থেকেই নির্বাচনে প্রার্থী হতে পারবেন।
সোমবার নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত একটি বিশেষ পরিপত্রে বলা হয়, “সিটি করপোরেশন একটি সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ বিধায় সিটি করপোরেশনের মেয়র পদটিকে হাই কোর্ট লাভজনক পদ হিসেবে ঘোষণা করেছে। কাজেই স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯ অনুযায়ী, মেয়র পদে অধিষ্ঠিত কোনো ব্যক্তি সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হিসেবে অংশগ্রহণে অযোগ্য বলে বিবেচিত হবেন। তবে ওই ব্যক্তি নির্বাচনে প্রার্থী হিসেবে অংশগ্রহণ করতে ইচ্ছুক হলে, তাকে ওই পদ থেকে পদত্যাগ করে প্রার্থী হতে হবে।”
“কাউন্সিলর পদধারীরা লাভজনক পদে সার্বক্ষণিক অধিষ্ঠিত নয় বলে, তাদের পদে থেকে প্রার্থী হওয়ার ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই,” বলা হয় পরিপত্রে।
