প্রত্যাবাসনের পরিবেশ মিয়ানমার তৈরি করবে, আশা রাষ্ট্রপতির
রাখাইন থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ফিরে যাওয়ার সহায়ক পরিবেশ মিয়ানমার তৈরি করবে বলে আশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
মিয়ানমারের নতুন রাষ্ট্রদূত উ অং কিয়াও মোই সোমবার বঙ্গভবনে পরিচয়পত্র পেশ করতে গেলে রাষ্ট্রপতি তার সামনে এই আশার কথা বলেন।
পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, মিয়ানমার বাংলাদেশের প্রতিবেশী দেশ। বাংলাদেশ সবসময় প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে অগ্রাধিকার দেয়।”
২০১৭ সালের অগাস্টে রাখাইনে সেনাবাহিনীর দমন অভিযান শুরুর পর এ পর্যন্ত সাড়ে সাত লাখের মত রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। কক্সবাজারের আশ্রয়শিবিরে থাকা রোহিঙ্গারা মিয়ানমার সরকারের কথায় আস্থা রাখতে না পারায় প্রত্যাবাসনের দুই দফা চেষ্টা ব্যর্থ হয়ে গেছে।
রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতি বলেন, রেহিঙ্গারা বাংলাদেশের জন্য বড় সমস্যা। বাংলাদেশ এ সমস্যার শান্তিপূর্ণ সমাধানে বিশ্বাসী।
মিয়ানমারে সঙ্গে বাংলাদেশের বাণিজ্য-বিনিয়োগ সম্পর্ক যে বহুদিনের এবং এর সম্ভাবনাও যে যথেষ্ট উজ্জ্বল- সে কথা তুলে ধরে রাষ্ট্রপতি হামিদ এ সম্ভাবনা কাজে লাগাতে রাষ্ট্রদূতকে উদ্যোগী হওয়ার পরামর্শ দেন।
নতুন দূত বলেন, তিনিও বাণিজ্য-বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণে কাজ করতে আগ্রহী। বাংলাদেশে দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
এর আগে ভিয়েতনামের নতুন রাষ্ট্রদূত ফাম ভিয়েত চিয়েন রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র দেন।
রাষ্ট্রপতি তাকে বলেন, বাংলাদেশের সঙ্গে ভিয়েতনামের সম্পর্ক অত্যন্ত চমৎকার। ২০১৮ সালে ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কোয়াংয়ের বাংলাদেশ সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছে।
দুই দেশের বাণিজ্য ইতোমধ্যে ১ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে এবং তা আরও বাড়ার যথেষ্ট সুযোগ রয়েছে মন্তব্য করে রাষ্ট্রপতি বলেন, নতুন রাষ্ট্রদূত এ লক্ষ্যে সর্বাত্মক প্রয়াস চালাবেন বলেই তিনি আশা করছেন।
দুই দেশের মধ্যে সরকারি-বেসরকারি উচ্চ পর্যায়ে সফর বিনিময়ের ওপরও গুরুত্ব আরোপ করেন বাংলাদেশের রাষ্ট্রপ্রধান।
২০১৫ সালে রাষ্ট্রপতি হামিদের ভিয়েতনাম সফরের কথা স্মরণ করে নতুন দূত বলেন, সেই সফর পারস্পরিক সম্পর্কে নতুন মাত্রা যোগ করেছে।
বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করেন রাষ্ট্রদূত। ২০৪১ সালে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হওয়ার এবং শত বছরের ডেল্টা পরিকল্পনা বাস্তবায়নের জন্য যেসব উদ্যোগ বাংলাদেশ নিয়েছে, তার সাফল্য কামনা করেন তিনি।
রাষ্ট্রদূতরা বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি দল তাদের আলাদাভাবে গার্ড অব অনার দেয়।
পরে রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত কামরুল আহসান রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। রাশিয়ার সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বের কথা তুলে ধরে এ সম্পর্ক আরও এগিয়ে নিতে কাজ করার জন্য নতুন দূতকে আহ্বান জানান রাষ্ট্রপতি।
তিনি রাশিয়ায় বাংলাদেশের তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্যের বাজার সম্প্রসারণের উদ্যোগ নিতেও রাষ্ট্রদূতকে পরামর্শ দেন।
