ভিপি নূরের উপর হামলা: বিক্ষোভ থেকে প্রক্টরের পদত্যাগ দাবি
ডাকসু ভবনে ভিপি নুরুল হক নূর ও তার সঙ্গীদের উপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ থেকে প্রক্টর এ কে এম গোলাম রাব্বানীর পদত্যাগের দাবি উঠেছে।
সোমবার ক্যাম্পাসের রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশে ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন বলেন, “যে প্রক্টর সন্ত্রাসীদের হাত থেকে ছাত্রদের রক্ষা করতে পারেন না, তার পদে থাকার কোনো বৈধতা নেই। অবিলম্বে তার পদত্যাগ করতে হবে।”
সমাবেশের আগে দুপুরে ‘সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্য’র ব্যানারে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে।
রাজু ভাস্কর্য থেকে মিছিলটি শুরু হয়ে মধুর ক্যান্টিন হয়ে প্রক্টর কার্যালয় সামনে এলে সেখানে কিছুক্ষণ অবস্থান নেন শিক্ষার্থীরা।
ওই মিছিলে স্লোগান ছিল- ‘নির্লজ্জ প্রক্টর, ধিক্কার ধিক্কার’, ‘ছাত্রলীগের কালো হাত ভেঙে দাও, ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, ‘শিক্ষা ছাত্রলীগ একসঙ্গে চলে না’।
রোববার মুক্তিযুদ্ধ মঞ্চের এক কর্মসূচির পর সংগঠনটির একদল নেতা-কর্মী ডাকসু ভবনে গিয়ে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা নূর ও তার সঙ্গীদের উপর হামলা চালায়। হামলার সময় ছাত্রলীগের একদল নেতা-কর্মীকেও সক্রিয় দেখা গিয়েছিল।
হামলার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা গিয়ে নূরসহ অন্যদের বের করে হাসপাতালে পাঠান।
তখন প্রক্টর অধ্যাপক রাব্বানী সাংবাদিকদের বলেছিলেন, “নূরসহ আহতদের ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে পাঠিয়েছি। আগে চিকিৎসা হোক, পরে সবার বক্তব্য শুনে তারপর ব্যবস্থা নেব।”
এই হামলার তদন্তে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি কমিটি গঠন করেছে।
‘সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্য’র সমাবেশে সংহতি জানিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, “ভিপি নূর এবং তার সঙ্গীদের উপর হামলা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রত্যক্ষ মদদে করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন থাকতে কী করে ডাকসু ভবনের ভিতরে এই হিংস্র হামলা হয়। প্রক্টর যে মন্তব্যগুলো করেছেন, তাতে মনে হচ্ছে, এই হামলায় তার সমর্থন আছে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের উদ্দেশে সাকি বলেন, “আপনারা আপনাদের দায়িত্ব পালন করতে না পারলে পদত্যাগ করেন। অন্যথায় ছাত্রদের অসহযোগ আন্দোলন দেখার জন্য আপনারা প্রস্তুত হন।”
সমাবেশে ছাত্র ফেডারেশনের সভাপতি জাহিদ সুজন বলেন, “বুয়েটের আবরারের রক্ত শুকায়নি। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ছাদ থেকে হত্যার উদ্দেশ্যে দুজনকে ফেলে দেয়া হয়। এসবের পরও এখনও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন লেজুড়বৃত্তি প্রশাসন। আমরা এ প্রশাসনের পদত্যাগ চাই।”
নূরের প্যানেল থেকে ডাকসুতে নির্বাচিত আখতার বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সন্ত্রাস চলতে দেওয়া হবে না।”
তিনি বলেন, “ছাত্রলীগের যেসব সন্ত্রাসী সাদ্দাম এবং সনজিতের নেতৃত্বে হামলা করেছে তা সিসিটিভি ক্যামেলা ফুটেজে আছে। অতিসত্ত্বর সেই ফুটেজ প্রকাশ করতে হবে। যদি প্রকাশ করা না হয়, সেক্ষেত্রে প্রশাসনের লেজুড়বৃত্তি আরেকবার প্রস্ফুটিত হবে। আর কোনো আবরারের লাশ আমরা দেখতে চাই না।”
‘সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্য’ পরবর্তী কর্মসূচি হিসেবে মঙ্গলবার বিকালে রাজু ভাস্কর্যে ছাত্র-জনতার সমাবেশের ঘোষণা দেন আখতার।
