২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শমী কায়সারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পিছিয়েছে

শমী কায়সারের বিরুদ্ধে হওয়া মানহানির মামলায় তদন্ত প্রতিবেদন জমার তারিখ পিছিয়ে গেছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2019, 03:51 PM

Updated : 18 Aug 2022, 06:17 PM

সোমবার নির্ধারিত তারিখে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মহানগর হাকিম জিয়াউর রহমান আগামী ২০ জানুয়ারি নতুন দিন ঠিক করেন।

গত ২৪ অক্টোবর এই মামলায় শমী কায়সারের বিরুদ্ধে অভিযোগের ‘সত্যতা পাওয়া যায়নি’ মর্মে চূড়ান্ত প্রতিবেদন দেন শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব রহমান। ওই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করেন মামলার বাদী নুজহাতুল হাসান।

সেই নারাজি আবেদনের উপর শুনানি শেষে গত ২৫ নভেম্বর একই বিচারক অভিযোগটির অধিকতর তদন্ত করে ২৩ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে পিবিআইকে নির্দেশ দেন। 

গত ২৪ এপ্রিল জাতীয় প্রেস ক্লাবের একটি মিলনায়তনে ই-কমার্সভিত্তিক পর্যটন বিষয়ক সাইট ‘বিন্দু৩৬৫’র উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন শমী কায়সার। বক্তব্য শেষে কেক কাটার পর তার দুটি স্মার্টফোন আর যথাস্থানে পাননি বলে জানান তিনি।

এরপর মিলনায়তনের মূল দরজা বন্ধ করে প্রায় অর্ধশত সাংবাদিককে আটকে রাখা হয়। প্রায় ১০ মিনিট ধরে মিলনায়তনে একাধিক সাংবাদিকের ব্যাগ তল্লাশি করেন শমী কায়সারের ব্যক্তিগত নিরাপত্তাকর্মীরা।

ঘটনার প্রতিবাদ জানিয়ে বেশ কয়েকজন সংবাদকর্মী অনুষ্ঠানস্থল ত্যাগ করতে চাইলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

প‌রে ৩০ এপ্রিল স্টুডেন্ট জার্নাল বিডির সম্পাদক নুজহাতুল হাসান ১০০ কোটি টাকা ক্ষতিপূরণের দাবি করে দণ্ডবিধির ৫০০ ধারায় এ মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামির আচরণ বাদী ও দেশের সাংবাদিক সম্প্রদায়সহ সমাজের অন্যান্য মহলের জন্য অত্যন্ত মানহানিকর ও অপমানজনক। আসামির এ রকম আচরণ অনলাইনে প্রচারিত হওয়ায় বাদী ও সাংবাদিকদের অপূরণীয় ক্ষতি হয়েছে। সাংবাদিকদের চোর আখ্যায়িত করে দেশ ও জাতির কাছে বাদীর ভাবমূর্তি নষ্ট করেছেন আসামি।

পুরনো খবর:

শমী কায়সারের বিরুদ্ধে মামলায় অধিকতর তদন্ত হবে