রোদের দেখা মেলায় কমছে শীতের দাপট
টানা পাঁচ দিনের তীব্র শীতের পর বাড়তে শুরু করেছে তাপমাত্রা; কুয়াশা আর মেঘ ঠেলে রাজধানীতে সূর্য উঁকি দেওয়ায় আবহাওয়ার উন্নতির আশা জাগছে।
আবহাওয়াবিদ আবদুর রহমান জানান, সোমবার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চট্টগ্রামের সীতাকুণ্ডে ১০.২ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় ওই সময় থার্মোমিটারের পারদ ছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াসে।
আগের দিন রোববার সকাল ৯টায় যশোরে তাপমাত্রা ছিল দেশের সর্বনিম্ন ৯ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় ছিল ১২.২ ডিগ্রি সেলসিয়াস।
আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ১৭.২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল।
এবার পৌষের চতুর্থ দিনেই মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহের দেখা পায় বাংলাদেশ। ১৯ ডিসেম্বর চুয়াডাঙ্গায় পারদ নামে ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।
দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসায় এবং দিনভর কুয়াশায় সূর্যের দেখা না মেলায় শীতের তীব্রতা বেড়ে যায়। তীব্র শীতে দুর্ভোগে পড়ে খেটেখাওয়া মানুষ, বৃদ্ধ ও শিশুরা।
শনিবার শৈত্যপ্রবাহ কেটে গেলেও কনকনে উত্তুরে হাওয়া এবং জলীয় বাষ্পভরা আর্দ্র বাতাসে শীতের তীব্র অনুভূতি থেকেই যায়। রোববার দিনের তাপমাত্রা বাড়তে থাকলে পরিস্থিতির উন্নতি হতে শুরু করে। সোমবার সকালে সূর্যের হাসি শীতার্ত মানুষের মনে এনে দেয় খানিকটা স্বস্তি।
আবহাওয়াবিদ আফতাব উদ্দিন বলেন, “বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়বে। শীতের তীব্রতা তাতে আরও একটু কমবে।”
২৫ থেকে ২৭ ডিসেম্বর দেশের বিভিন্ন অঞ্চলে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে আবহাওয়া অফিস। তবে তাতে শীতের প্রকোপ খুব বেশি বাড়বে না বলে মনে করছেন আবহাওয়াবিদ আফতাব।
তীব্র শীতের মধ্যে ঘন কুয়াশায় ফেরি পারাপারের পাশাপাশি বিমান ওঠানামায় সমস্যা হয়েছে গত কয়েক দিন ধরে। সেই সঙ্গে শীতজনিত রোগ নিয়ে দেশের হাসপাতালগুলোতে রোগীর ভিড় বাড়ছে। তাদের মধ্যে শিশু আর বয়স্কদের সংখ্যাই বেশি।
হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স বলেছে, বর্তমানে জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে ঘন কুয়াশার কারণে দৃষ্টি সীমা অনেকাংশে কমে আসছে। এর কারণে সামনের পথচারী ও বিপরীত দিক থেকে আসা যানবাহন সম্পর্কে ধারণা পাওয়া যায় না। ফলে দুর্ঘটনার আশঙ্কা থাকে।
