চিরঘুমে স্যার ফজলে হাসান আবেদ
সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ।
রোববার ঢাকার আর্মি স্টেডিয়ামে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।
বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাদের পাশাপাশি হাজার হাজার মানুষ তার জানাজায় অংশ নেন।
শুক্রবার রাত সাড়ে ৮টায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফজলে হাসান আবেদ। তার বয়স হয়েছিল ৮৩ বছর।
১৯৭২ সালে তার হাত ধরে যাত্রা শুরু করা ব্র্যাক এখন বিশ্বের সবচেয়ে বড় এনজিও। এশিয়া, আফ্রিকা অঞ্চলের ডজনখানেক দেশে কার্যক্রম পরিচালনা করছে ব্র্যাক ইন্টারন্যাশনাল।
রোববার সকালে কিছু সময়ের জন্য ফজলে হাসান আবেদের কফিন নেওয়া হয় মহাখালীর ব্র্যাক সেন্টারে। পরে সকাল সাড়ে ১০টা থেকে আর্মি স্টেডিয়ামে রাখা হয় সবার শ্রদ্ধা নিবেদনের জন্য।
১৯৭২ সালে ফজলে হাসান আবেদের হাত ধরে যাত্রা শুরু করে ব্র্যাক, যেটি এখন বিশ্বের সবচেয়ে বড় এনজিও।
জানাজায় আগে ফজলে হাসান আবেদের ছেলে শামেরান আবেদ বলেন, “আমার বাবা সারাজীবন মানুষের জন্য কাজ করেছেন। আপনারা তার জন্য দোয়া করবেন।”
