২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি হলে ব্যবস্থা: ইউজিসি চেয়ারম্যান

উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানির ঘটনা কোনোভাবেই কাম্য নয় জানিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ বলেছেন, বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি হলে ব্যবস্থা নেওয়া হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2019, 09:43 PM

Updated : 10 Oct 2022, 09:48 PM

তিনি বলেন, “সংবাদ পর্যালোচনা করে দেখা যায় বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে অনেক বেশি যৌন হয়রানির ঘটনা ঘটছে, এটা অনাকাঙ্ক্ষিত। ইউজিসি ইতোমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে যৌন হয়রানি প্রতিরোধে কমিটি গঠনের নির্দেশনা প্রদান এবং এ বিষয়ে সচেতনতা সৃষ্টিতে ইউএন উইমেন-এর সঙ্গে চুক্তি করেছে।

“ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে লক্ষ্যে ইউজিসি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।”

বৃহস্পতিবার ইউজিসিতে ইউএন উইমেন আয়োজিত ‘কর্মক্ষেত্রে যৌন হয়রানি বন্ধে’ দিনব্যাপী এক কর্মশালায় অধ্যাপক শহীদুল্লাহ এসব কথা বলেন বলে প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ইউজিসি চেয়ারম্যান বলেন, “কর্মক্ষেত্রে যৌন হয়রানি বন্ধে বিদ্যমান আইনগুলো স্ট্রিমলাইন করা এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে এ হয়রানি থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব।

“নারীর ক্ষমতায়ন ও লৈঙ্গিক সমতায়নে নারী-পুরুষ, ছেলে-মেয়েকে একযোগে কাজ করতে হবে। দেশের বিশাল জনগোষ্ঠী নারীরা যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে সেজন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে।”

ইউজিসির সদস্য অধ্যাপক দিল আফরোজা বেগম বলেন, দেশের প্রাথমিক থেকে উচ্চ শিক্ষাস্তর পর্যন্ত পাঠ্যপুস্তকে নারী-পুরুষের সমঅধিকার, নারীর ক্ষমতায়ন, সর্বোপরি নারীর প্রতি পুরুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের বিষয়গুলো অন্তর্ভুক্ত করা প্রয়োজন।

“কর্মস্থলে যৌন হয়রানির ভয় ও সামাজিক প্রচলিত চর্চার কারণে নারীরা সম্পূর্ণভাবে নিজেদেরকে মেলে ধরতে পারছে না। নারীর মাতৃত্বের সঙ্গে তার সামাজিক ও কর্মস্থলে ভূমিকা যোগ করলে সমাজে পুরুষের তুলনায় নারীর অবদান অনেক বেশি হবে।”

ইউজিসির সদস্য অধ্যাপক মুহাম্মদ আলমগীর বলেন, যৌন হয়রানির ভয় দেখিয়ে সমাজে নারী-পুরুষকে আলাদা করা যাবে না।

যৌন হয়রানি বন্ধে প্রতিরোধ কমিটি শক্তিশালীকরণ ও তদারকি জোরদারের পরামর্শ দেন তিনি।