২৬ পুলিশ সুপার বদলি
পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ২৬ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়।
মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমকে নারায়ণগঞ্জে, লালমনিরহাটের পুলিশ সুপার এস এম রশিদুল হককে চট্টগ্রাম জেলায় আর খাগড়াছড়ির পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামানকে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
শরীয়তপুর জেলার পুলিশ সুপার আব্দুল মোমেনকে মুন্সীগঞ্জে, নীলফামারী জেলার পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেনকে যশোর জেলায় এবং ঢাকার পুলিশের বিশেষ শাখার (এসবি) পুলিশ সুপার হাসিবুল আলমকে সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে।
পুলিশ সদরদপ্তরের এআইজি আবিদা সুলতানাকে লালমনিরহাট জেলার পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে।
এসবির পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামানকে শরীয়তপুরে, ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ মোখলেছুর রহমানকে নীলফামারী জেলায় বদলি করা হয়েছে।
টুটুল চক্রবর্তীকে সিরাজগঞ্জ থেকে ঢাকা মহানগরে আর মোহাম্মদ জাকির হোসেন মজুমদারকে বান্দরবান থেকে বরিশাল মহানগরে বদলি করা হয়েছে।
ঢাকার টিএন্ডআইএমের পুলিশ সুপার সারোয়ার মোর্শেদ, এন্টি-টেররিজম ইউনিটের পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেন, বরিশাল মহানগর পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা এবং চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার মো. আব্দুল ওয়ারীশকে ঢাকা মহানগর পুলিশে বদলি করা হয়েছে।
ঢাকার পুলিশ ব্যুরো অব ইন্টিভেস্টিগেশনে (পিবিআই) কর্মরত পুলিশ সুপার মো. জুলফিকার আলী হায়দারকে বরিশাল মহানগরে, চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার হারুন-অর রশিদ হাযারীকে ঢাকার ডিএন্ডআইএমে বদলি করা হয়েছে।
মালি মিশন থেকে ফেরা পুলিশ সুপার মো. ফারুক হোসেন এবং হাইওয়ের পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে ঢাকার এসবিতে বদলি করা হয়েছে।
রাজশাহী মহানগর পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ হেমায়েতুল ইসলামকে কক্সবাজার আর্মড পুলিশ ব্যাটালিয়নে, খুলনা মহানগরীর উপ-কমিশনার মোহাম্মদ নজরুল ইসলামকে ডিএমপিতে এবং ঢাকার স্টাফ কলেজে কর্মরত পুলিশ সুপারের দায়িত্বে থাকা ড. মো. আল-মামুনুল আনছারীকে ঢাকার অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় ওই নির্বাচন শেষ হওয়ার পর সেখানে বদলি হওয়া পুলিশ সুপার এসএম রশিদুল হক, মো. আব্দুল ওয়ারীশ ও হারুন উর রশিদ যোগ দেবেন।
আর পুলিশ সুপার হাসিবুল আলম, বেগম আবিদা সুলতানা, এসএম আশরাফুজ্জামান, মোহাম্মদ মোখলেছুর রহমান, বেগম জেরিন আখতার ও এ এইচ এম আবদুর রকিব স্ব-স্ব কর্মস্থলে যোগ দেওয়ার আগে ২৪ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় জননিরাপত্তা বিভাগে আয়োজিত ব্রিফিং অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
