রাজাকারের তালিকা প্রকাশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘নোট বিবেচিত হয়নি’
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে রাজাকারের তালিকা সরবরাহের সময় প্রত্যাহার হওয়া নাম-মামলার বিষয়ে ‘নোট’ দেওয়া হলেও সেগুলো বিবেচনা না করেই প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ওই নোটগুলো বিবেচনায় নিয়ে যথাযথ যাচাই-বাছাইয়ের মাধ্যমে একাত্তরের স্বাধীনতাবিরোধী তালিকা প্রকাশ করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ১৫ ডিসেম্বর একাত্তরে রাজাকার, আল-বদর, আল-শামস বাহিনীর বেতনভোগী ১০ হাজার ৭৮৯ জন স্বাধীনতাবিরোধীর প্রথম তালিকা প্রকাশ করে। এই তালিকায় বেশ কয়েকজন গেজেটেড মুক্তিযোদ্ধা, একাত্তরে পাকিস্তানি বাহিনীর হাতে নিহতের স্ত্রীর নাম আসার পর তা নিয়ে সমালোচনা চলছে।
রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসার কারণ জানতে চাইলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “প্রথমত এই ব্যাপারে আমি কিছুই জানি না। এর কারণ হলো এই তালিকাটি ১৯৭১ সালে করা। আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংগ্রহ করেছি।”
মঙ্গলবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এক আলোচনা সভায় এই তালিকা নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, “আমরা প্রাথমিকভাবে দালাল আইনে বিবাদীদের লিস্ট আমরা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে পাঠিয়েছি। আমরা উইথড্রগুলোর নোট দিয়েছিলাম। সেটা তালিকায় যাথাযথভাবে আসেনি। আশা করি, তারা যাথাযথভাবে যাচাই-বাছাই করে তা প্রকাশ করবে।”
ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন ও নাগরিকপঞ্জি নিয়ে মন্ত্রী আসাদুজ্জামান কামাল বলেন, “এটা ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। ১৯৭১ সালের পরে কোনো মুসলমান ভারতে যায়নি।”
‘শুদ্ধি’ অভিযান এখনও চলছে জানিয়ে তিনি বলেন, “অনেকেই মনে করেন আমরা থেমে গেছি। আমরা আসলে থেমে নেই। সুশাসন প্রতিষ্ঠার জন্য আমরা এই অভিযান চলমান রাখব। আমরা তথ্যভিত্তিক অভিযান চালাব।”
‘দুর্নীতি, মাদক ও মজুদদারদের বিরুদ্ধে অভিযানে কৃষক লীগের একাত্মতা’ শিরোনামে এই সভা হয়।
সেখানে কৃষক লীগ নেতাদের দুর্নীতি, মাদক ও মজুদদারির বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
আওয়ামী লীগের সহযোগী সংগঠনটির এই অবস্থানের প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “মাদকের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্স নিয়েছেন। বাইরের দেশ থেকে আমাদের দেশে মাদক প্রবেশ করছে। আমরা কঠোর থেকে কঠোরতর জায়গায় যাচ্ছি। আজকে কৃষক লীগ এর বিরুদ্ধে যে শপথ নিয়েছে আমরা তাকে সাধুবাদ জানাই।”
কৃষক লীগ সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
অন্যদের মধ্যে ছিলেন কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি, কৃষক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট।
