পতাকার ফেরিওয়ালা
বছরের তিনটি মাসে প্রথম সপ্তাহ থেকেই পথে পথে বাড়তে থাকে লাল আর সবুজ; সেই রঙ বলে দেয়, আসছে বাঙালির উদযাপনের মুহূর্ত।
২১শে ফেব্রুয়ারি, ২৬শে মার্চ, ১৬ই ডিসেম্বর- এই তিন জাতীয় দিবসকে কেন্দ্র করে পতাকা বিক্রি হয় বছরের অন্যান্য সময়ের চেয়ে বেশি।
ঢাকার গুলিস্তান, চকবাজার, সদরঘাট ও কামরাঙ্গির চরে পতাকা বানানোর কারখানা আর পাইকারি দোকান থেকে কিনে সারা মাস রাস্তাঘাটে ফেরি করেন পতাকার হকাররা।
আকার ভেদে এসব পতাকা বিক্রি হয় ৫ থেকে ২০০ টাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ে বিজয় দিবসে কথা হয় বাঁশে বাঁধা নানা আকারের পতাকা হাতে ক্রেতার অপেক্ষায় থাকা সবুজ শিকদারের সঙ্গে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গত ৯ ডিসেম্বর থেকে পতাকা বিক্রি করছেন টিএসসি ও আশপাশের এলাকায়। কেরানীগঞ্জের একটা কারখানা থেকে বাকিতে পতাকা এনে বিক্রি করছেন। লাভের টাকা রেখে বাকিটা আবার শোধ করে দিতে হবে।
গুলিস্তান এলাকায় ভ্যানভর্তি বিভিন্ন আকারের পতাকা বিক্রি করছিলেন মুসা মিয়া। এটা তার মৌসুমি ব্যবসা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মুসা বলেন, “অন্য সময় পতাকা তেমন বিক্রি হয় না, তখন ডাব বিক্রি করি ভ্যানে। এক সিজনের পতাকা সব বিক্রি না হলে রেখে দিই, পরের সিজনে বিক্রি হয়ে যায়।”
শুরুর দিকে কারখানায় ২০-২২ জন কর্মচারী ছিল; তবে বিক্রি ভালো না হওয়ায় এখন তা কমে গেছে।
কামাল বলেন, বিজয় দিবস, স্বাধীনতা দিবস আর একুশে ফেব্রুয়ারি ঘিরে ভালো বিক্রি হয়; অন্য সময় পতাকার কাজ থাকে না।
“বিভিন্ন সরকারি অফিসে পতাকা টানায়া রাখে অনেকদিন। ওইগুলার রঙ জ্বইলা যায়, তবুও সেই পতাকা তারা বদলায় না,” আক্ষেপের সুরে বললেন পতাকার এই কারিগর।
সরকার পতাকার বিষয়ে কঠোরভাবে নজরদারি চালু রাখলে বাংলাদেশের জাতীয় পতাকার প্রতি সঠিক সম্মান প্রদর্শনের পাশাপাশি মানুষের মধ্যে দেশপ্রেম আরোও দৃঢ় হত বলে মনে করেন কামাল।
দোকানের জন্য ১০ ফুট বাই ৬ ফুট, স্কুল-কলেজসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের জন্য ৫ ফুট বাই ৩ ফুট মাপের পতাকা তৈরি হয় বলে জানান তিনি।
পতাকা যাতে নিয়ম মেনে উত্তোলন করা হয়, সে বিষয়ে সরকারও জানগণকে সচেতক করার চেষ্টা করেছে বিজয় দিবসের আগে।
এক তথ্য বিবরণীতে বলা হয়, জাতীয় পতাকার সঠিক মাপ ও যথাযথ নিয়ম অনুসরণ না করে অনেকে জাতীয় পতাকা উত্তোলন করেন,যা জাতীয় পতাকার অবমাননার সামিল।
