ক্যাসিনোকাণ্ডে ঢাকার দুই ক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে
অবৈধ ক্যাসিনো পরিচালনায় ঢাকার দুই ক্লাব কলাবাগান ক্রীড়া চক্র ও বনানী ক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।
ক্যাসিনো সংশ্লিষ্টতায় ফকিরাপুলের ইয়ং মেনস ক্লাবসহ ঢাকার ১৫টি ক্লাবের তালিকা মন্ত্রণালয় করলেও বাকিগুলো সমাজ সেবা অধিদপ্তরের নিবন্ধিত না হওয়ায় শুধু এই দুটির বিরুদ্ধে এখন ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইতোমধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে ঢাকা সমাজ সেবা কার্যালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বৈঠকে যুবলীগ নেতাদের কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশের পর ঢাকায় ক্ষমতাসীন দলের নেতাদের তত্ত্বাবধানে ‘৬০টি ক্যাসিনো চালানোর’ খবর আসে সংবাদমাধ্যমে। এরপর গত সেপ্টেম্বর মাসের মাঝমাঝি বিভিন্ন ক্রীড়া ক্লাবে ক্যাসিনোর হদিস মেলে। এরপর শুরু হয় অভিযান। এসব অভিযানে জুয়ার সামগ্রী, মাদক ও অস্ত্র পাওয়ার কথা জানানো হয় আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে।
অবৈধভাবে ক্যাসিনো পরিচালনায় যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ও সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া, কৃষক লীগের সাবেক নেতা সফিকুল ইসলাম ফিরোজসহ অনেককে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ফিরোজ ছিলেন কলাবাগান ক্রীড়া চক্রের পরিচালনা পর্ষদের সভাপতি।
এছাড়া বিধবা ও স্বামী পরিত্যক্তা ভাতা প্রদানের জন্য প্রকৃত ও সঠিক বিধবা ও স্বামী পরিত্যক্তাকে চিহ্নিত করতে স্থানীয় জনপ্রতিনিধির পাশাপাশি সংরক্ষিত মহিলা ও নির্বাচিত সংসদ সদস্যদের সমন্বয়ে একটি সমন্বিত নীতিমালা প্রণয়নে মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য বেগম সাগুফতা ইয়াসমিন, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, আ ক ম সরওয়ার জাহান ও কাজী কানিজ সুলতানা অংশ নেন।
