কেরানীগঞ্জে অগ্নিকাণ্ড: শ্রম মন্ত্রণালয়ের তদন্ত কমিটি
কেরানীগঞ্জে প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান এবং দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সুপারিশ দিতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে শ্রম মন্ত্রণালয়।
শ্রম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোল্লা জালাল উদ্দিনকে প্রধান করে গঠিত কমিটির সদস্যরা হলেন- যুগ্ম সচিব (শ্রম) এ টি এম সাইফুল ইসলাম, শ্রম অধিদপ্তরের পরিচালক মো. আমিনুল ইসলাম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ঢাকার উপ-মহাপরিদর্শক আহমেদ বেলাল এবং একই অধিদপ্তরের উপ-মহাপরিচালক (সেইফটি) মো. কামরুল হাসান।
কমিটিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শকের মাধ্যমে ওই এলাকায় বিগত বছরে কতগুলো প্লাস্টিক কারখানা পরিদর্শন করা হয়েছে, তার প্রতিবেদনও দিতে বলা হয়েছে কমিটিকে।
পরিদর্শন প্রতিবেদনসমূহের সুপারিশ বাস্তবায়িত হয়েছে কিনা, না হয়ে থাকলে তার কারণ এবং ওই এলাকার প্লাস্টিক কারখানাগুলোর ঝুঁকি নির্ধারণ, ঝুঁকি নিরসনের সুপারিশও দিতে বলা হয়েছে।
বুধবার বিকালে কেরানীগঞ্জের চুনকুটিয়ায় প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে।
দগ্ধ আরও ২০ জন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন। তাদের অবস্থাও ভালো নয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।
