স্বচ্ছতার সঙ্গে দ্রুত কাজ করব: মন্ত্রিপরিষদ সচিব
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, যতদিন এই দায়িত্বে আছেন ততদিন মন্ত্রিপরিষদ বিভাগের পরিকল্পনা অনুযায়ী স্বচ্ছতার সঙ্গে দ্রুত কাজ সম্পন্ন করবেন তিনি।
সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) কার্যনির্বাহী কমিটির সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন। বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই সৌজন্য সাক্ষাৎ হয়।
অবসরের সময় হয়ে আসা খন্দকার আনোয়ারুল ইসলামকে চুক্তিতে আরও এক বছর মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে রাখছে সরকার। আনোয়ারুল ইসলামের অবসরোত্তর ছুটি স্থগিত করে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এই চুক্তিভিত্তিক নিয়োগের প্রজ্ঞাপন জারি করে।
আগামী দিনগুলোতে পরিকল্পনা কী এবং কী কী কাজ করতে চান-জানতে চাইলে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, “প্ল্যান আমাদের করা আছে। সেই অনুযায়ী কাজ হবে। তবে আমি একটু কুইক কাজ করার চেষ্টা করি। ইনস্ট্যান্টলি অনেক সময় কাজ করে ফাইল যদি ইমার্জেন্সি হয় তবে কাজ শেষ করে পাশাপাশি ফাইল ডেভেলপও করি। আমরা চেষ্টা করব কাজ যাতে কুইকলি হয়।”
সেতু বিভাগের সিনিয়র সচিবের দায়িত্ব থেকে গত ১৩ অক্টোবর খন্দাকার আনোয়ারুল ইসলামকে মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব দেওয়া হয়। গত ২৮ অক্টোবর তিনি নতুন দায়িত্বে যোগ দেন।
খন্দকার আনোয়ার ২০১১ সালের ১৩ নভেম্বর সেতু বিভাগের ভারপ্রাপ্ত সচিব হিসেবে যোগ দেন। ২০১৩ সালে তিনি সচিব এবং ২০১৭ সালে জ্যেষ্ঠ সচিব হিসেবে পদোন্নতি পান।
১৯৮৩ বিসিএস ব্যাচের কর্মকর্তা আনোয়ার পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগে। ডেভলপমেন্ট প্ল্যানিংয়ে তার একটি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমাও রয়েছে।
খন্দকার আনোয়ারের স্ত্রী বেগম কামরুন নাহারও একজন সচিব। তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।
মতবিনিময় অনুষ্ঠানে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সভাপতি তপন বিশ্বাস ও সাধারণ সম্পাদক শামীম আহমেদসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
