শ্যামলীর মেস থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার
রাজধানীর শ্যামলীর একটি মেস থেকে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় শ্যামলী-২ নম্বর সড়কের ১৪/১ নম্বর বাড়ির নিচতলা থেকে লাশটি উদ্ধারের সময় একটি চিরকুটও পাওয়া গেছে বলে শেরেবাংলা নগর থানার ওসি জানে আলম মুন্সী জানান।
সাইফুল ইসলাম নামের ২৩ বছর বয়সী ওই তরুণ সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ে আইন পড়ছিলেন। তার পরিবার থাকে কুমিল্লায়।
ওসি বলেন, “শ্যামলীর ওই মেসের একটি কক্ষে সাইফুলরা দুই বন্ধু থাকত। গতরাতে তার রুমমেট মেসে ছিল না। আজ বিকালে এসে সে দেখে, ভেতর থেকে দরজা বন্ধ। অনেক ডাকাডাকির পরও দরজা না খোলায় আশপাশের লোকজন পুলিশে খবর দেয়।”
প্রতীকী ছবি
সাইফুলের মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরোওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
