দক্ষিণ এশিয়ান দাবা কাউন্সিলের প্রথম সভাপতি বেনজীর
দক্ষিণ এশিয়ায় দাবা খেলার উন্নয়নের লক্ষ্য নিয়ে গঠিত দক্ষিণ এশিয়ান দাবা কাউন্সিলের প্রথম সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।
র্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শুক্রবার রাজধানীর বিজয় নগরে একটি হোটেলে অনুষ্ঠিত নবগঠিত এই কাউন্সিলের প্রথম উদ্বোধনী কংগ্রেসে সর্বসম্মতিক্রমে এশিয়ান দাবা কাউন্সিলের প্রথম সভাপতি হিসেবে তিনি নির্বাচিত হন।
বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তান ও পাকিস্তান- দক্ষিণ এশিয়ার এই আটটি দেশের প্রতিনিধিরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই কাউন্সিল গঠন দাবার সর্বোচ্চ বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক দাবা ফেডারেশনের (এফআইডিই) একটি প্রয়াস বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
এশিয়ান দাবা কাউন্সিল একটি স্বতন্ত্র সংস্থা হিসেবে কাজ করবে। শুক্রবারের কংগ্রেসে ভারত কাউন্সিলের ডেপুটি প্রেসিডেন্ট, নেপাল ভাইস প্রেসিডেন্ট, শ্রীলঙ্কা সেক্রেটারি জেনারেল এবং ভুটানের প্রতিনিধি কোষাধ্যক্ষ নির্বাচিত হন।
কাউন্সিলের নবর্নিবাচিত সভাপতি বেনজীর আহম্মেদ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং নতুন এই কাউন্সিলের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
