২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে ’বিবেকানন্দ ভবন’ উদ্বোধন

রংপুরের রামকৃষ্ণ মিশন ও আশ্রমে ভারত সরকারের অর্থায়নে নির্মিত স্বামী বিবেকানন্দ ভবন চালু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2019, 10:51 PM

Updated : 10 Oct 2022, 09:43 PM

ঢাকায় ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলি দাশ বৃহস্পতিবার ভবনটির উদ্বোধন করেন।

ভারতীয় হাই কমিশন জানিয়েছে, ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত তিনতলা ভবনে রয়েছে একটি কম্পিউটার সেন্টার, একটি দাতব্য মেডিকেল সেন্টার, কোচিং সেন্টার ও ছাত্রাবাস।

উদ্বোধনী অনুষ্ঠানে রীভা গাঙ্গুলী বলেন, ”আমি আশা করি, রংপুর রামকৃষ্ণ মিশনে নতুন ভবনের উদ্বোধন শিক্ষার্থীদের দক্ষতা এবং প্রতিভা অর্জনে সহায়তা করবে এবং দাতব্য মেডিকেল সেন্টারে রোগীরা চিকিৎসাসেবা পাবে।”

তিনি বলেন, “ভারত ও বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক, তার মূলে রয়েছে আমাদের অভিন্ন ইতিহাস এবং সংস্কৃতি। আজকে আমাদের সম্পর্ক বহুমুখী। বাণিজ্য-বিনিয়োগ, নিরাপত্তা ও সীমান্ত ব্যবস্থাপনা, যোগাযোগ, বিদ্যুৎ ও জ্বালানি, তথ্যপ্রযুক্তি, মহাকাশ, নিউক্লিয়ার বিজ্ঞান, উন্নয়ন প্রকল্প, সংস্কৃতি এবং মানুষে-মানুষে সংযোগসহ বিভিন্ন ক্ষেত্রেই আমাদের সহযোগিতার সম্পর্ক রয়েছে।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুই দেশের সম্পর্ক ’একটি সোনালী অধ্যায়ে প্রবেশ করেছে’ বলেও মন্তব্য করেন রীভা গাঙ্গুলী।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী সন্ততানন্দ, রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, রামকৃষ্ণ মিশনের সহ-সভাপতি দীপক কুমার সাহা বক্তব্য দেন।