হলি অর্টিজান মামলার রায় ঘিরে নিরাপত্তা জোরদার
গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা মামলার রায় ঘিরে যে কোনো নাশকতার বিষয়ে ‘সর্বোচ্চ সতর্ক’ অবস্থায় রয়েছে পুলিশ।
এই রায়কে কেন্দ্র করে রাজধানীর পুরান ঢাকার আদালতপাড়ায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন কর্মকর্তারা। পুলিশের সঙ্গে মাঠে আছেন র্যাবসহ বিভিন্ন সংস্থার সদস্যরা।
তিন বছর আগে হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ ওই হামলার আলোচিত মামলার রায় হবে বুধবার। পুরান ঢাকার মহানগর দায়রা জজ আদালতের পাঁচতলায় সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান আলোচিত এই মামলার রায় ঘোষণা করবেন।
র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ এবং ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ মঙ্গলবার বলেছেন, এই রায়কে কেন্দ্র করে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন তারা।
কৃষ্ণপদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দুপুরে আদালতপাড়ার নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সম্ভব্য সব বিষয় মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে।”
এদিকে দুপুরে র্যাব সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে বাহিনীর মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, রায় ঘিরে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রয়োজনে রায়ের পরেও যতদিন প্রয়োজন সেই নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
গুলশান হামলার মামলায় রায় হবে বুধবার, এজন্য মঙ্গলবার থেকে রাজধানীজুড়ে চলছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। গুলশানে গাড়ি তল্লাশি চালাচ্ছে পুলিশ। ছবি: আসিফ মাহমুদ অভি
“আমরা সবার সাথে সমন্বয় করে দায়িত্ব পালন করব।”
বেনজীর বলেন, “র্যাব সব সময় জঙ্গিবাদ নির্মূলে কাজ করে যাচ্ছে। তবে বৈশ্বিক জঙ্গিবাদ পরাস্থ না হওয়া পর্যন্ত পৃথিবীতে জঙ্গিবাদের ঝুঁকি থেকেই যাবে।”
তিনি জানান, হলি আর্টজানে হামলার পর ২৫ জন জঙ্গি ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন এবং গ্রেপ্তার করা হয়েছে ৮০৯ জনকে।
রায় ঘিরে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর দিকেও বিশেষ নজর থাকবে বলে র্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান জানিয়েছেন।
পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি)’র প্রধান মনিরুল ইসলাম মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, রায় ঘিরে নিরাপত্তা জোরদারের পাশাপাশি যে সব জঙ্গি এরইমধ্যে গ্রেপ্তার হওয়ার পর জামিনে আছেন তাদের তৎপরতাও নজরদারি করা হচ্ছে।
কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের সুপারিনটেনডেন্ট ইকবাল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বন্দি আট আসামিকে যথাসময়ে আদালতে হাজির করা হবে। রায় ঘিরে কারাগারের ভেতরে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে বন্দি অন্য জঙ্গিদের দিকেও বিশেষ নজরদারি রয়েছে।
কারাগার থেকে আদালতে আট জঙ্গিকে নেওয়ার সময় গতানুগতিক ব্যবস্থার চেয়ে বাড়তি নিরাপত্তা পদক্ষেপ নেওয়া হয়েছে বলে পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন।
ময়মনসিংহের ত্রিশালে প্রিজন ভ্যানে হামলা চালিয়ে জঙ্গি ছিনিয়ে নেওয়ার বিষয়টি মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে বলে জানান তিনি।
