সৎ লোক যাতে আসামি না হয়: দুদক চেয়ারম্যান
দুদক কর্মকর্তাদের আইন না জানার কারণে কোনো সৎ লোক যেন আসামি না হন, সে বিষয়ে সতর্ক থাকতে বলেছেন সংস্থার চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
মঙ্গলবার ঢাকায় কমিশনের প্রধান কার্যালয়ে ‘ট্রেইনিং অন পাবলিক প্রকিউরমেন্ট অ্যান্ড প্রাকটিসেস ফর এসিসি অফিসিয়াল’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।
দুদক চেয়ারম্যান বলেন, “ক্রয় প্রক্রিয়ায় অনিয়ম-দুর্নীতি-দীর্ঘসূত্রতা, প্রকল্পের মেয়াদ বৃদ্ধি, বরাদ্দ বৃদ্ধি ইত্যাদি নানা অভিযোগ আমরা পেয়ে থাকি। এগুলোর সঠিকতা, স্বচ্ছ ও পূর্ণাঙ্গ অনুসন্ধান ও তদন্তের জন্য দুদক কর্মকর্তাদের পাবলিক প্রকিউরমেন্ট আইন ও বিধি-বিধান সঠিকভাবে জানার কোনো বিকল্প নেই।
“না জানার কারণে কোনো অবস্থাতেই একজন সৎ মানুষ যেন মামলার আসামি না হন। এ ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে। ক্রয় প্রক্রিয়ায় ঠিকাদার- প্রকৌশলী-প্রকিউরমেন্ট এন্টিটির যে বা যারা এই প্রক্রিয়া লঙ্ঘন করেছেন, কেবল তিনি বা তারাই জবাবদিহি করবেন। অন্য কেউ নন। আমাদের কারও ভুলে যেন কোনো মানুষের সম্মানহানি না হয়।”
ইকবাল মাহমুদ দুদক কর্মকর্তাদের উদ্দেশে আরও বলেন, “আইনি ক্ষমতার প্রয়োগ করবেন, কিন্তু অপপ্রয়োগ যেন না হয়। মনে রাখবেন, আইন সবার জন্যই সমভাবে প্রযোজ্য।”
সরকারি বিভিন্ন প্রকল্পের দরপত্র প্রক্রিয়ায় কীভাবে দুর্নীতি হয়, প্রশিক্ষণের মাধ্যমে এ বিষয়গুলো কর্মকর্তারা জানবেন এবং তা অনুসন্ধান-তদন্ত কাজে প্রয়োগ করবেন বলে আশা প্রকাশ করেন দুদক চেয়ারম্যান।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখ্ত, সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের মহাপরিচালক মো. আলী নূর, দুদকের প্রশিক্ষণ অনুবিভাগের মহাপরিচালক এ কে এম সোহেল, সিপিটিইউর পরিচালক শীষ হায়দার চৌধুরীও বক্তব্য দেন।
দুদক কর্মকর্তারা জানান, মঙ্গলবার শুরু হওয়া এ প্রশিক্ষণ শেষ হবে ১ ডিসেম্বর। কমিশনের পরিচালক, উপ-পরিচালক, সককারী পরিচালক ও উপ-সহকারী পরিচালক পদমর্যাদার ৪০ জন কর্মকর্তা এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।
