সাংবাদিকদের সাহস থাকতে হবে: প্রতিমন্ত্রী নসরুল
সাংবাদিকদের কাছে সত্য প্রকাশে নির্ভিকতা প্রত্যাশা করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেছেন, “সত্যকে সত্য ও মিথ্যাকে মিথ্যা বলার সাহস সাংবাদিকদের থাকতে হবে।”
নসরুল বলেন, “আপনাদের কলমের মাধ্যমে মানুষ ভালো কাজে উৎসাহিত হয়। এতে সমাজে ইতিবাচক ধারণার জন্ম নেয়। ভালো মানুষগুলো আরও উৎসাহিত হয় এবং এতে সমাজে ইতিবাচক পরিবর্তন আসে।”
সাংবাদিকদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার ক্ষেত্রে সাংবাদিকদের নৈতিক দায়িত্ব রয়েছে।”
এসময় তিনি তার দপ্তরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কথা উল্লেখ করে বলেন, “বরাবরের মতো এবারও সরকারের বার্ষিক প্রতিবেদনে বিদ্যুৎ বিভাগ প্রথম হয়েছে।”
ডিআরইউ নতুন ভবন উদ্বোধন শেষে তিনি ভবনটি ঘুরে দেখেন। এরপর ‘নসরুল হামিদ মিলনায়তন’ এ অনুষ্ঠিত আলোচনা সভায় যোগ দেন তিনি।
অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, “ডিজিটাল বাংলাদেশ গঠনে সাংবাদিকরার অন্যতম অনুষঙ্গ। আপনারা সর্বদা সত্য ও সুন্দরের পক্ষে থাকবেন। দেশের উন্নয়ন ও স্বাধীনতা নিয়ে অপপ্রচারে যারা লিপ্ত, তাদের বিরুদ্ধে দাঁড়াবেন।”
পলক ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি ‘ডিজিটাল কম্পিউটার ল্যাব’ প্রতিষ্ঠার ঘোষণা দেন।
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম, প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি শফিকুল করিম সাবু, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কৃদ্দুস আফ্রাদ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইলিয়াস হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
আলোচনা শেষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নতুন ওয়েবসাইট উদ্বোধন করেন প্রতিমন্ত্রী পলক।
