‘সিক্সটিন ডেইজ অব অ্যাক্টিভিজম’ পালন করবে ডিএনসিসি
নারী ও শিশু নির্যাতন বন্ধে বিশ্বব্যাপী প্রচারাভিযানের অংশ হিসেবে বাংলাদেশে প্রথমবারের মতো ‘সিক্সটিন ডেইজ অব অ্যাক্টিভিজম’ কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
মঙ্গলবার ডিএনসিসি নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে মেয়র আতিকুল ইসলাম জানান, আগামী ২৯ ও ৩০ নভেম্বর গুলশানের শহীদ তাজ উদ্দিন পার্কে (পুরনো ওয়ান্ডারল্যান্ড) এ উপলক্ষ্যে নানা কর্মসূচি পালিত হবে।
নারী ও মেয়ে শিশুদের ওপর নির্যাতন বন্ধে ১৯৯১ সালে উইমেন্স গ্লোবাল লিডারশিপ ইনস্টিটিউট পক্ষকালব্যাপী এই কর্মসূচি পালন শুরু করে।
সংবাদ সম্মেলনে আতিকুল ইসলাম বলেন, ডিএনসিসি বিশ্বাস করে একটি নিরাপদ এবং বন্ধুত্বপূর্ণ নগর প্রত্যেকের অধিকার। সে লক্ষ্যে সরকারি মন্ত্রণালয় বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা এবং সংগঠন নিয়ে ডিএনসিসি এ উদ্যোগ নিয়েছে।
“লক্ষ্য একটাই, প্রিয় ঢাকা শহরকে নারী-শিশু ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য সমান অধিকার নিশ্চিত করে নিরাপদ শহর হিসেবে প্রতিষ্ঠা করা।”
নির্বাচিত হওয়ার পর ‘সবাই মিলে সবার ঢাকা’ প্রতিষ্ঠায় করে যাচ্ছেন বলে জানান তিনি।
“শহর অন্তর্ভুক্তিমূলক হবে তখনই যখন নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ সবাই নিরাপদে ফুটপাত ও সড়ক পার হতে পারবে, গণপরিবহনে উঠতে পারবে, পাবলিক প্লেসগুলোতে নিরাপদে যাতায়াত করতে পারবে, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষেরা বহুতল ভবনে কারও সাহায্য ছাড়াই যেতে পারবে, ভবনগুলোতে র্যাম্প থাকবে, পরিবার ও সমাজ হবে সহিংসতামুক্ত।”
সংবাদ সম্মেলনে সংসদ সদস্য অপরাজিতা হক, শবনম জাহান, নাহিদ এজহার খান, শিউলি আজাদ এবং ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হাই, প্যানেল মেয়র আলেয়া সারোয়ার ডেইজি, নুজহাত চৌধুরী, আইপিডিসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মুমিনুল ইসলাম, অ্যাকশনএইডের নির্বাহী পরিচালক ফারাহ কবির উপস্থিত ছিলেন।
