২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেলিকম ওয়ার্ল্ডের দুই পুরস্কার গ্রহণ প্রধানমন্ত্রীর

টেলিযোগাযোগ খাত ও ডিজিটাইজেশনে বাংলাদেশের সাফল্যের স্বীকৃতি হিসেবে আইটিইউ টেলিকম ওয়ার্ল্ড ২০১৯-এর দুটি পুরস্কার গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2019, 09:23 PM

Updated : 18 Aug 2022, 06:09 PM

পুরস্কার দুটি হল- ‘দ্য আইটিইউ টেলিকম ওয়ার্ল্ড এওয়ার্ড ২০১৯ সার্টিফিকেট এপ্রিসিয়েশন’ ও ‘দ্য আইটিইউ টেলিকম ওয়ার্ল্ড এওয়ার্ড ২০১৯ রিকগনিশন অব এক্সিলেন্স’।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার ও মন্ত্রণালয়ের সচিব অশোক কুমার বিশ্বাস সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রীর কাছে পুরস্কার দুটি হস্তান্তর করেন।

পুরস্কার দু’টি গত ৯ থেকে ১২ সেপ্টেম্বর হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে অনুষ্ঠিত আইটিইউ টেলিকম ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড ২০১৯-এ বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়।
আইটিইউ টেলিকম ওয়ার্ল্ড এওয়ার্ড ২০১৯-এ বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ এবং একটি বাংলাদেশ প্যাভিলিয়ন স্থাপনের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের অগ্রগতি তুলে ধরার জন্য টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)কে ‘দ্য আইটিইউ টেলিকম ওয়ার্ল্ড এওয়ার্ড ২০১৯ সার্টিফিকেট এপ্রিসিয়েশন’ প্রদান করা হয়।

আইটিইউ টেলিকম ওয়ার্ল্ড এওয়ার্ড ২০১৯-এ সেরা উদ্ভাবনের জন্য ডিজিটাল বাংলাদেশ গড়ার সফল উদ্যোগ সেন্ট্রাল বায়োমেট্রিক ভেরিফিকেশন মনিটরিং প্ল্যাটফর্ম (সিবিভিএমপি) ‘দ্য আইটিইউ টেলিকম ওয়ার্ল্ড এওয়ার্ড ২০১৯ সার্টিফিকেট এপ্রিসিয়েশন’ পুরস্কার লাভ করেন।

সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী ‘স্ট্যান্ডিং অর্ডার অন ডিজ্যাস্টার (এসওডি)-২০১৯-এর মোড়কও উন্মোচন করেন।
চলতি বছরের ১৮ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিষদে বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উদ্যোগে এসওডি ২০১৯ সংশোধন করা হয়।

এছাড়া, প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের লেখা ‘ছোটদের বঙ্গবন্ধু’ বইয়ের মোড়ক উন্মোচন করেন।