বিমানের সাবেক এমডি মোসাদ্দেকের বিরুদ্ধে দুদকের মামলা
অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বাংলাদেশ বিমানে ৩০ পাইলট নিয়োগের অভিযোগে সংস্থার সাবেক ব্যবস্থাপনা পরিচালক আবুল মুনীম মোসাদ্দিক আহমেদসহ চারজনকে আসামি করে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ দুদকের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন বলে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।
অন্য আসামিরা হলেন- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের পরিচালক (ফ্লাইট অপারেশন্স) ক্যাপ্টেন ফারহাত হাসান জামিল, সাবেক পরিচালক (প্রশাসন) পার্থ কুমার পন্ডিত (বর্তমানে অধ্যক্ষ, বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টার) ও ব্যবস্থাপক (নিয়োগ) ফখরুল হোসেন চৌধুরী।
এজাহারে বলা হয়, বিমানের ২০১৮ সালে ক্যাডেট পাইলটের যে নিয়োগ হয়েছে, এতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও বয়স নির্ধারণে বিমানের প্রচলিত বিধি-বিধান তারা অনুসরণ করা হয়নি।
“নিজেদের ইচ্ছেমতো ব্যাখ্যা দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং পরবর্তীতে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করে ব্যবস্থাপনা পরিচালক আবুল মুনীম মোসাদ্দিক আহমেদের ভাতিজাসহ ৩০জন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা শিথিল করে নিজেরা লাভবান হয়ে উক্ত প্রার্থীদের অবৈধ সুবিধা প্রদান করেন।”
এছাড়া প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার মানবণ্টন ম্যানুয়াল অনুযায়ী না করে মৌখিক পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর রেখে বিশেষ প্রার্থীদের অবৈধ সুবিধা প্রদান এবং লিখিত (এমসিকিউতে ২০ নম্বর এবং বর্ণনামূলকে ১০ নম্বর) পরীক্ষায় গ্রেস প্রদানের মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করে অবৈধভাবে বিমানের ক্যাডেট পাইলট নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয় বলে মামলায় উল্লেখ রয়েছে।
মামলায় নিয়োগ পাওয়া পাইলটরা আসামি না হওয়ার কারণ সাংবাদিকরা জানতে চাইলে দুদকের কমিশনার মোজাম্মেল হক খান বলেন, “এখন এই মামলার তদন্ত হবে। তদন্তে যদি কোনো নিয়োগ পাওয়া ব্যক্তির বিরুদ্ধে অনিয়মের তথ্য-প্রমাণ পাওয়া যায়, তাহলে তাকেও অভিযোগপত্রে আসামি করা হবে।”
বিমানের বি-৭৩৭ এবং ড্যাশ-৮ উড়োজাহাজের পাইলট সঙ্কটের প্রেক্ষাপটে ক্যাডেট পাইলট নিয়োগের জন্য গত বছরের ১৮ সেপ্টেম্বর ও ১৯ সেপ্টেম্বর দুটি জাতীয় দৈনিক পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়। একই সঙ্গে বিমানের ওয়েবসাইটে আবেদনের ফরমেট প্রার্থীদের জন্য প্রকাশ করা হয়।
পরে একই বছরের ৯ অক্টোবর প্রার্থীদের যোগ্যতা শিথিল করে ব্যবস্থাপনা পরিচালকের অনুমোদন নিয়ে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী বিমানের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেকের ভাতিজা মোক্তাদির আহম্মেদসহ ৩০ জন প্রার্থীকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হয়। এ ভিত্তিতে তাদের নিয়োগ দেওয়া হয়েছে বলে মামলা বলা হয়েছে।
