২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিগালি সংশোধনী অনুস্বাক্ষরের প্রস্তাব অনুমোদন

জলবায়ু বান্ধব ও বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি প্রসারে মন্ট্রিল প্রটোকলের ‘কিগালি সংশোধনী’ অনুস্বাক্ষরের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2019, 07:36 PM

Updated : 18 Aug 2022, 06:09 PM

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

‘কিগালি সংশোধনী’ বাস্তবায়িত হলে জলবায়ু বান্ধব ও বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তির প্রসার ঘটবে জানিয়ে তিনি বলেন, “এর ফলে উল্লেখযোগ্য পরিমাণ গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ কমবে, যা প্যারিস চুক্তির লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে।

“ওজন স্তর রক্ষায় ১৯৯৮ সালের ১৬ সেপ্টেম্বর ‘মন্ট্রিল প্রটোকল অন সাবট্যান্সসেস দ্যাট ডিপ্লেট দ্য ওজোন লেয়ার’ গ্রহণ করা হয়, যা মন্ট্রিল প্রটোকল নামে খ্যাত। বর্তমানে পৃথিবীর সব দেশ মন্ট্রিল প্রটোকল অনুস্বাক্ষর করায় এটি আজ ইউনিভার্সল রেটিফাইড প্রটোকলের মর্যাদা লাভ করেছে। “

২০১৬ সালের ১৫ অক্টোবর রুয়ান্ডার কিগালিতে মন্ট্রিল প্রটোকলের ২৮তম পার্টি সভায় শক্তিশালী গ্রিন হাউজ গ্যাস-হাইড্রোফ্লোরো কার্বনের ব্যবহার পর্যায়ক্রমে কমিয়ে আনতে মন্ট্রিল প্রটোকল সংশোধিত হয় বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

সংশোধনীটি বাস্তবায়িত হলে এই শতাব্দীর শেষে বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধি প্রায় শূন্য দশমিক ৫ ডিগ্রি সেন্টিগ্রেড কমানো সম্ভব হবে। ফলে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ২০১৫ সালে গৃহীত প্যারিস চুক্তির প্রায় ২৫ শতাংশ বাস্তবায়ন সম্ভব হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

কিগালি সংশোধনী চলতি বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে জানিয়ে খন্দকার আনোয়ার বলেন, গত ২২ অগাস্ট পর্যন্ত বিশ্বের ৮৯ দেশ সংশোধনীটি অনুস্বাক্ষর করেছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলংকা ও মালদ্বীপ অনুস্বাক্ষর করেছে। অন্যান্য দেশগুলো অনুস্বাক্ষর প্রক্রিয়ার মধ্যে রয়েছে।