২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালত প্রাঙ্গণে আসামির স্বজনদের সঙ্গে আইনজীবীর সহকারীর মারামারি  

এক মামলায় জামিন নিয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত (সিএমএম) প্রাঙ্গণে বাদী ও তার আইনজীবীর সহকারীর সঙ্গে মারামারিতে জড়ালেন আসামির স্বজনরা।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2019, 07:54 PM

Updated : 10 Oct 2022, 09:42 PM

রোববার দুপুরে সিএমএম কোর্ট হাজতের সামনে হাতাহাতির সময় দুই পক্ষের লোকজনই একে অপরের জামাকাপড় ছিঁড়ে ফেলে। পরে দুই পক্ষই এ ঘটনার জন্য অপরপক্ষকে দায়ী করে বক্তব্য দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা পৌনে ১২টার দিকে আদালত প্রাঙ্গণে সংঘর্ষের সূত্রপাত হয়। প্রায় বিশ মিনিট ধরে চলে উভয় পক্ষের এই হাতাহাতি।

আসামি মালেক গাজীর ভাগ্নে বেলাল হোসেন সাংবাদিকদের বলেন, তার মামা অর্থ লেনদেন সংক্রান্ত এক মামলায় রোববার আদালত থেকে জামিন পান। জামিন পাওয়ার পর নীচে নামলে বাদীপক্ষের আইনজীবীর সহকারী মাসুদসহ কয়েকজন তাদের ওপর হামলা করে।

“এ সময় আমার মোবাইল ফোন, নগদ ৬০ হাজার টাকা ও আমার স্ত্রী শিল্পীর গলার চেইন তারা ছিনিয়ে নিয়ে যায়। আমাদের মারধর করে। আমাদের সঙ্গে থাকা মেয়েদেরও তারা ছাড়েনি। এ ব্যাপারে আমি থানায় অভিযোগ করব “

অন্যদিকে মামলার বাদী লোকমানের আইনজীবী আসাদুল্লাহ আসাদের সহকারী মাসুদ হামলা-মারধরের অভিযোগ অস্বীকার করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মাসুদ বলেন, “তারা বেরিয়ে আসার পাঁচ মিনিট পর আমরা আদালত ভবন থেকে নিচে নামি। এ সময় তারা আমার এবং বাদীর ওপর হামলা করে। তারা বলে, ‘জামিন ঠেকাতে পারলি না তো!’ আরও বিভিন্ন ধরনের গালাগাল করে তারা আমাদের ওপর হামলা করে, আমাদের জামাকাপড় ছিঁড়ে ফেলে। আমরা এ বিষয়ে কোতোয়ালি থানায় অভিযোগ করব।”

জানতে চাইলে সিএমএম কোর্ট হাজতের ওসি শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আইনজীবীর সহকারী ও আসামিপক্ষ বিবাদে জড়িয়েছে বলে আমরা শুনেছি। জানা মাত্র আমরা ফোর্স নিয়ে দুই পক্ষকে নিবৃত্ত করেছি। কি কারণে এ ঘটনা ঘটেছে তা আমি বিস্তারিত বলতে পারব না।”

কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমান বলেন, “বেলাল হোসেন নামে একজন এক আইনজীবীর সহকারীর বিরুদ্ধে অভিযোগ দিতে থানায় এসেছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনা শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”