২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী, শান্তি এবং সুরক্ষা সম্পর্কিত জাতীয় কর্মপরিকল্পনার উদ্বোধন

পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইউএন ওমেনের উদ্যোগে বাংলাদেশে নারী, শান্তি এবং সুরক্ষা সম্পর্কিত জাতীয় কর্মপরিকল্পনার উদ্বোধন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2019, 06:48 PM

Updated : 18 Aug 2022, 06:09 PM

রোববার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠানে ২০১৯-২০২২ সাল মেয়াদী এই কর্মপরিকল্পনার উদ্বোধন করা হয়।

নারীর অধিকারের সুরক্ষা এবং অগ্রগতি নিশ্চিত করা এবং সংঘাত ও সহিংসতা প্রতিরোধে নারীদের অর্থবহ অংশগ্রহণ বৃদ্ধি করার জন্য এই কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।

এর আওতায় নারীদের সামগ্রিকভাবে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক মান উন্নয়ন হবে বলে আশা ব্যক্ত করা হয় অনুষ্ঠানে।

অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার বলেন, “নারীদের অধিকার ও সুরক্ষাদানে এটি নতুন উদ্যোগ না হলেও এই কর্মপরিকল্পনা একটি সঠিক নির্দেশনা দেবে। আমি আশা করব এই কর্মপরিকল্পনার আওতায় আমাদের মেয়েদের সাফল্য আরও ত্বরান্বিত হবে।”

সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান বলেন, “জাতিসংঘের শান্তি মিশনের দিকে তাকালে এটা ভালোভাবে বোঝা যায় যে, নারীদের অংশগ্রহণ ছাড়া শান্তি অনিশ্চিত। শান্তি স্থাপনের জন্য নারী শান্তিরক্ষী বাহিনীর আলাদা গুণ আছে, যা শিশু ও নারীদের জন্য বিশেষভাবে দরকার হয়। এই গুরুত্ব বিবেচনা করে বাংলাদেশের সশস্ত্র বাহিনী থেকে বর্তমানে ৪০০ এর উপরে নারী শান্তিরক্ষী জাতিসংঘ শান্তি মিশনে কাজ করছে।”

অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক বলেন, “আঠারো শতকের শান্তি আর এখনকার শান্তির মধ্যে অনেক পার্থক্য তৈরি হয়েছে। আঠারো শতকে শান্তি হল যুদ্ধ থেকে বিরত রাখার প্রক্রিয়া। এখন আমাদের বাংলাদেশে শান্তি বলতে বোঝায় সক্ষমতা এবং অগ্রগতি।”

নারীদের সক্ষমতা ও অগ্রগতি নিশ্চিত করার লক্ষ্যে সরকারের পক্ষ থেকে এই কর্মপরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করা হবে বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশে ইউএন ওমেনের প্রতিনিধি শুকো ইশিকাওয়া, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (ইউএন উইং) নাহিদা সোবহান, বাংলাদেশ নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবির প্রমুখ।