২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তিনটি ‘জাম্বো কুশন’ পেল ফায়ার সার্ভিস

জার্মানি থেকে আমদানি করা তিনটি জাম্বো কুশন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কাছে হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2019, 02:16 PM

Updated : 08 Apr 2022, 05:05 PM

রোববার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে অগ্নি দুর্ঘটনায় উদ্ধার কাজে ব্যবহারের জন্য জাম্বো কুশনগুলো হস্তান্তর করা হয়।

কোনো ভবনে লোকজন আটকা পড়লে তাদের উদ্ধারের জন্য এই কুশন ব্যবহার করা হবে। মাত্র এক মিনিটের মধ্যে এসব কুশন বাতাস দিয়ে ফুলিয়ে ফেলা যাবে। ৩৫ মিটার উপর থেকে এই কুশনের ওপর লাফিয়ে পড়লেও কোনো শারীরিক কোনো ক্ষতি হবে না। 

বিদ্যুৎ অপরিবাহী প্রতিটি কুশনের আয়তন ৫০.৬০ ঘনমিটার, ওজন ৮০ কেজি। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) অর্থায়নে প্রতিটি ৫০ লাখ টাকা দামের এই জাম্বো কুশনগুলো কেনা হয়েছে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে।

অগ্নি দুর্ঘটনা মোকাবেলা করতে গিয়ে ফায়ার সার্ভিস কর্মীদের যেসব সমস্যার মুখোমুখি হতে হয় সেগুলো অনুষ্ঠানে তুলে ধরেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো.শহীদুজ্জামান। তার বক্তব্য শোনার পর প্রধানমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশনা দেন। 

প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম পরে সাংবাদিকদের বলেন, “সারা বিশ্বেই অগ্নি দুর্ঘটনা ঘটলে সে স্থানগুলোকে হলুদ টেপ দিয়ে ঘিরে রাখা হয়। প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশেও এ উদ্যোগ নেওয়া যেতে পারে।”

অন্যদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. শহীদুজ্জামান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক মো. সাজ্জাদ হোসাইনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।