রড দিয়ে কুকুর তাড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
রাজধানীর খিলগাঁও তালতলা সিটি সুপার মার্কেটে লোহার রড দিয়ে কুকুর তাড়াতে গিয়ে বিদ্যুতের তারে রড জড়িয়ে তড়িতাহত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার সন্ধ্যায় এ ঘটনায় নিহত রাজন (২৪) ওই মার্কেটের একটি মাছের দোকানে কাজ করতেন বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান।
এদিকে সন্ধ্যায় শাহবাগ থানা এলাকার হাই কোর্ট মাজার এবং বকশীবাজার মোড় থেকে দুইজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর রাজনকে রাত সাড়ে ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে তাকে নিয় আসা সুজন নামে এক ব্যক্তি সাংবাদিকদের জানান, রাজন মার্কেটে মাছের দোকানে কাজ করতেন। সন্ধ্যায় মার্কেটের মধ্যে একটি কুকুরের বাচ্চা রড দিয়ে তাড়াতে গেলে বৈদ্যুতিক তারের সাথে লেগে ছিটকে পড়ে অচেতন হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়।
পরিদর্শক বাচ্চু মিয়া জানান, রাজনের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলায়। তার বাবার নাম লাল চাঁন মিয়া।
এদিকে শাহবাগ থানার এসআই জসিমউদ্দীন সন্ধ্যা ৭টায় হাই কোর্ট মাজার এলাকা থেকে অজ্ঞাত পরিচয় ৬০ বছর বয়সের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেন।
প্রায় একই সময় ওই থানার এসআই আশরাফুল আলম বকশীবাজার মোড় থেকে নাম না জানা ৪৫ বছর বয়সের এক নারীর মৃতদেহ উদ্ধার করেন।
