২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর ‘নগর-দর্শনে’ ফেরার তাগিদ

স্বাধীনতা পরবর্তী পাঁচ দশকে বাংলাদেশে উল্লেখযোগ্য নগরায়ণ ঘটলেও বেশিরভাগই ঢাকা ও কয়েকটি বিভাগীয় শহরের মধ্যে তা কেন্দ্রীভূত থেকেছে।  বিভাগ ও জেলার মধ্যে নগরায়ণের তারতম্যের পাশাপাশি নাগরিক সুযোগ-সুবিধা প্রাপ্তির ক্ষেত্রেও বৈষম্য প্রকট আকার ধারণ করেছে। ফলে নগরায়ণের বৈষম্য কমাতে বঙ্গবন্ধুর নগর-দর্শনে ফিরে যাওয়ার সময় এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2019, 09:42 PM

Updated : 18 Aug 2022, 06:08 PM

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক বক্তৃতায় নগরবিদ ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম এ কথা বলেন।

জ্ঞানতাপস আবদুর রাজ্জাক ফাউন্ডেশন ‘নগরায়ণে বাংলাদেশ: অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক এই বক্তৃতার আয়োজন করেন।

অধ্যাপক নজরুল ইসলাম মূল প্রবন্ধে বেলেন, “নগরায়ণের কারণে গ্রামের জনসংখ্যা কমতে শুরু করেছে। ২০৫০ সাল নাগাদ গ্রামের মোট জনসংখ্যা বাড়বে না, বরং কমবে। এখানকার মানুষগুলো তাদের পার্শ্ববর্তী ছোট বা মাঝারি শহরগুলোয় স্থানান্তরিত হবে, কিছু কিছু ঢাকা ও অন্যান্য বড় শহরে আসবে। কারণ যতই প্রতিবন্ধকতা তৈরি করা হোক না কেন, মানুষের মহানগরে আগমনটা কেউ পুরোপুরি আটকাতে পারে না। তাছাড়া অসংখ্য নতুন শহরও সৃষ্টি হবে।

“বর্তমান অনেক গ্রামীণ ইউনিয়ন কেন্দ্র, এমনকি অনেক গ্রাম জনপদও শহরে রূপান্তরিত হবে। শহরভিত্তিক ও গ্রামভিত্তিক জনসংখ্যার বিস্তরণ আমলে নেওয়াটা জরুরি বলে মনে করি।”

বিভিন্ন জেলা ও বিভাগের মধ্যে নগরায়ণের বৈষম্য তুলে ধরে তিনি বলেন, “বর্তমানে বিভাগ বা জেলা বিচারে উন্নয়ন ও নগরায়ণের মাত্রায় ব্যাপক তারতম্য বা বৈষম্য রয়েছে। ন্যূনতম ১১ শতাংশ নগরায়ণ মাত্রা দেখা যায় পঞ্চগড়, গাইবান্ধা ও মানিকগঞ্জ জেলায়। সর্বোচ্চ নগরায়ণ মাত্রা ঢাকা জেলায়, ৯৩ শতাংশ। পরিকল্পিতভাবে এ ধরনের বৈষম্য কমিয়ে আনতে হবে।”

তবে সরকারের কিছু উদ্যোগের প্রশংসাও করেন নগর গবেষণা কেন্দ্রের এই অনারারি চেয়ারম্যান।

তিনি বলেন, “ইতিমধ্যে একটি অর্থপূর্ণ উদ্যোগ দৃশ্যমান হতে শুরু করেছে, এটি হল ঢাকা মহানগরের বাইরে দেশের বিভিন্ন স্থানে বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা জোন গড়ে তোলা।”

নগরায়ণ পরিকল্পনার ওপর জোর দিয়ে অধ্যাপক নজরুল বলেন, “পরিকল্পনা অনুযায়ী নগরায়ণ করলে যত বেশি নগরায়ণ হবে ততবেশি উন্নয়ন হবে।”

ভবিষ্যৎ নগর-পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, “ভবিষ্যৎ নগরায়ণ হতে হবে বিকেন্দ্রীকরণের মাধ্যমে। আধুনিক নগর-পরিচালনায় ব্যাপকভাবে অংশগ্রহণমূলক পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও তদারকির ব্যবস্থার উপর জোর দেওয়া হয়। নগর পরিকল্পনার এসব আদর্শ লক্ষ্য বাস্তবায়নের জন্য অংশগ্রহণমূলক শাসন অত্যন্ত জরুরি।

“দেশের ভবিষ্যৎ নগরায়ণে সরকারের পাশাপাশি নির্বাচিত পৌর নেতৃত্ব, নাগরিক সমাজ, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী গোষ্ঠী, বিশ্ববিদ্যালয় ও জ্ঞানকেন্দ্র, বাংলাদেশ আরবান ফোরাম, ও জনগণ সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন।”

জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের মহাপরিচালক আহরার আহমদ।