নবান্নে নগর উৎসবে বৈচিত্র্যের আকুতি
যান্ত্রিক নগর জীবনে ঋতুভিত্তিক যে উৎসবগুলো আসে, তাতে গ্রামীণ আবহ রেখে বৈচিত্র্য অন্বেষণের আহ্বান এল নবান্ন উৎসবে।
জাতীয় নবোন্নৎসব উদযাপন পর্ষদের এই শেকড়সন্ধানী উৎসবে নৃত্য-গীত ও বাদ্যে হেমন্ত বন্দনা যেমন হল, তেমনিভাবে কথনে-বচনে ধ্বনিত হল কৃষকের আর্তনাদের কথাও।
জাতীয় নবোন্নৎসব উদযাপন পর্ষদের একবিংশতম এই আয়োজন শুরু হয় শনিবার বিকাল সোয়া ৭টায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় বাঁশিতে লোকজ সুরে নগরে ঋতু হেমন্তকে স্বাগত জানানোর পর ছিল ঋতুভিত্তিক গানের সম্মেলক পরিবেশনা। একক গান, দলীয় নৃত্য, একক আবৃত্তি পর্বে সাজানো হয়েছিল নবান্ন উৎসবের প্রথম ভাগ।
নবান্ন কত্থন পর্বে উৎসবের উদ্বোধক নাট্য ব্যক্তিত্ব ফেরদৌসী মজুমদার বলেন, “জীবন এত যান্ত্রিক হয়ে গেছে! এখানে এসে দেখছি, কী চমৎকার রঙিন পরিবেশ, কী সুন্দর গান-নাচ… ঢোল… এগুলোর দরকার আছে। এ নবান্ন উৎসব, চৈত্র সংক্রান্তি, পহেলা বৈশাখ..এগুলো অবশ্যই থাকবে। এ উৎসবগুলো আমাদের ঘটা করে, অন্তর দিয়ে উদযাপন করতে হবে।”
ফেরদৌসী মজুমদার বলেন, “প্রকৃতি আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, এটাকে ভুললে চলবে না। গ্রাম বাংলার যে ঐতিহ্য, এটা রক্ষা করেই শহুরে জীবনে বৈচিত্র্য আনতে হবে।“
ঋতুভিত্তিক এসব উৎসবের মাধ্যমে নগর জীবনে অসাম্প্রদায়িকতার বার্তা দিতে চান রামেন্দু মজুমদার।
তিনি বলেন,“এ উৎসবের সবচেয়ে বড় দিক, তা মানবিক চেতনার উৎসব, অসাম্প্রদায়িক উৎসব। আজকে মানবিক চেতনা খুব জরুরি আমাদের দেশের জন্য। এসব উৎসবের মধ্যে মানুষকে যত বেশি মানুষকে মানবতাবাদী করতে পারব, সেখানেই হবে এ উৎসবের সার্থকতা।”
জাতীয় নবোন্নৎসব উদযাপন পর্ষদের চেয়ারম্যান লায়লা হাসান বলেন, “আমরা আমাদের এই প্রজন্মকে মাটির সোঁদা গন্ধের যে আমেজ, যে স্নিগ্ধতা তা শেখাতে চাই। তাদের শেকড়ের সন্ধান দিতে চাই। মানবিক জীবনে আমাদের সন্তানদের অন্য দিকে ধাবিত হওয়ার প্রয়াস থাকে, সেখানে তাদের মনে যদি এসবের বীজ বপন করে দিতে পারি, তবে নিশ্চয়ই তারা বাংলাকে ভালোবাসবে।”
উৎসবে দলীয় নৃত্য পর্বে পারফর্ম করে নটরাজ, নৃত্যজন, নন্দন কলা কেন্দ্র, স্পন্দন, বকুল নৃত্যালয়।
দলীয় সংগীত পরিবেশন করে বহ্নিশিখা, বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস (বাফা), সত্যেন সেন শিল্পী গোষ্ঠী, সুরতীর্থ।
একক সংগীত পর্বে শোনান সালমা আকবর শোনান রবীন্দ্রসংগীত ‘সেদিন আমায় বলেছিলে’, মাহজাবিন রহমান শাওলী শোনান নজরুলসঙ্গীত ‘হৈমন্তকা এসো এসো’, নবনীতা জাইদ চৌধুরী অনন্যা শোনান ‘এ কি অপরূপ রূপে মা তোমায়’।
সাংস্কৃতিক পরিবেশনা শেষে বকুলতলা থেকে ঢাক-ঢোল বাজিয়ে বের হয় নবান্ন শোভাযাত্রা। সেটি চারুকলা ক্যাম্পাস ঘুরে এসে উৎসব প্রাঙ্গণে এসে শেষ হয়।
আয়োজকরা জানান, নবান্ন উৎসবের দ্বিতীয় পর্ব শুরু হবে বিকাল ৫টায়।
সে পর্বে দলীয় সঙ্গীতে অংশগ্রহণ করবে সুরবিহার, স্বপ্নবীণা, মন্দিরা, প্রার্থনা, ঢাকা স্বরকল্পন, কিশলয় কচি-কাঁচার মেলা, সমস্বর, স্বভূমি লেখক শিল্পীকেন্দ্র, পঞ্চভাস্কর, দৃষ্টি, ক্রান্তি শিল্পীগোষ্ঠী, সংস্কৃতি মঞ্চ, পঞ্চায়েত।
দলীয় নৃত্য পরিবেশন করবে বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস্, নান্দনিক নৃত্য সম্প্রদায়, দিব্য, নৃত্যালোক, বকুল নৃত্যালয়, নৃত্যমঞ্চ, স্বপ্ন বিকাশ কলা কেন্দ্র।
একক আবৃত্তিতে অংশগ্রহণ করবেন ইকবাল খোরশেদ, রফিকুল ইসলাম, রেজিনা ওয়ালী লীনা, ফয়জুল আলম পাপ্পু, মাসকুর এ সাত্তার কল্লোল, মাহমুদা আখতার,তামান্না তিথি, মাসুম আজিজুল বাসার, মাহমুদুজ্জামান মাসুদ, নজরুল কবির, বিপ্লব রায়হান।
একক সঙ্গীত পরিবেশন করবেন চম্পা বণিক, সর্দার রহমত উল্লাহ, খগেন্দ্রনাথ সরকার, আবু বকর সিদ্দিক, অনিমা মুক্তি গোমেজ, মহাদেব ঘোষ, তামান্না নিগার তুলি, আব্দুল হালিম, সঞ্জয় কবিরাজ, অনিকেত আচার্য্য, আবিদা রহমান সেতু, সমর বড়ুয়া, আরিফ রহমানসহ আরো অনেকে।
দলীয় আবৃত্তিতে অংশগ্রহণ করবে মুক্তধারা সংস্কৃতি ও আবৃত্তি চর্চা কেন্দ্র।
