বুদ্ধিজীবী দিবসে আলোকসজ্জা নয়, পুরনো পতাকা যেন না ওড়ে
শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে কোনো আলোকসজ্জা না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার; সেইসঙ্গে বিজয়ের ৪৮ বছর পূর্তিতে পুরনো পতাকা না উড়ানোর নির্দেশও দেওয়া হয়েছে।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আগামী ১৬ ডিসেম্বরে বিজয় দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা নিয়ে এক সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিজয় দিবসে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত, বেসরকারি ভবনে মন্ত্রিপরিষদের নির্দেশনা অনুযায়ী সঠিক মাপ ও রঙের সমন্বয় করে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে।
“আমরা লক্ষ্য করেছি, বিভিন্ন জায়গায় যেসব পতাকা যারা তোলেন পতাকাগুলোর রঙ, সাইজ কিংবা যথেষ্ট মলিন হয়ে গিয়েছে; সেগুলো তারা ব্যবহার করেন এবং তোলেন। আজ পরিষ্কার সিদ্ধান্ত নিয়েছি যে, ১৬ ডিসেম্বর যে পতাকাটি তুলবেন, আমাদের পতাকার নিয়ম অনুযায়ী, মাপ অনুযায়ী, রঙ, বর্ণ এবং সবকিছু যেন ফ্রেশ থাকে। কোনো বিবর্ণ, পুরাতন, ছিঁড়ে যাওয়া পতাকা কেউ উড়াতে পারবেন না। এটা এই সভায় সিদ্ধান্ত হয়েছে।”
শহীদ বুদ্ধিজীবী দিবসে শোকের আবহ বজায় রাখতে আলোকসজ্জা না করতে বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
“অনেকদিন ধরে লক্ষ্য করেছি যে, ডিসেম্বর এলেই সবাই ১৬ ডিসেম্বরকে কেন্দ্র করে আলোকসজ্জা করেন। এই সভায় সিদ্ধান্ত হয়েছে, ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ঢাকাসহ সারাদেশে কোনো আলোকসজ্জা করতে পারবেন না। ১৪ ডিসেম্বর বাদে ১৬ ডিসেম্বর উপলক্ষে আলোকসজ্জা করতে পারবেন।”
বিজয় দিবসে সারাদেশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সাভারের অনুষ্ঠানগুলোতে ক্লোজড সার্কিট ক্যামেরা রাখার পাশাপাশি ঢাকা থেকে সাভার পর্যন্ত সড়কেও সিসিটিভি ক্যামেরা রাখা হবে।”
ওই সড়কে কোনো ধরনের তোরণ নির্মাণ না করার নির্দেশও দেন তিনি।
বিজয় দিবসের অনুষ্ঠানের বিষয়ে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, “বিজয় দিবসের অনুষ্ঠানগুলোতে যুদ্ধাপরাধী ও বিতর্কিত ব্যক্তিদের দাওয়াত দেওয়া যাবে না।”
সভায় নিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দীন, পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদসহ বিভিন্ন সংস্থার প্রধান ও প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
