২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লঞ্চ ছাড়ছে সোমবার, অপেক্ষার অবসান

ঘূর্ণিঝড় বুলবুলের কারণে তিন দিন বন্ধ থাকার পর লঞ্চ চলাচল শুরুর ঘোষণা আসায় স্বস্তি ফিরেছে নৌপথে দক্ষিণাঞ্চলগামী যাত্রীদের মনে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

কামাল হোসেন তালুকদার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2019, 08:09 PM

Updated : 18 Aug 2022, 06:04 PM

অতিপ্রবল ঘূর্ণিঝড়টি উপকূলের দিকে ঘনিয়ে আসার পর বৈরী আবহাওয়ার কারণে গত শুক্রবার বিকালে ঢাকার সদরঘাটসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে  লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছিল বিআইডব্লিউটিএ।

ঘূর্ণিঝড় উপকূল অতিক্রম করার পর রোববার সন্ধ্যায় বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সকাল ৬টা থেকে থেকে সারা দেশে লঞ্চ ছাড়ার সিদ্ধান্ত হয়েছে।

শুক্রবার বিকালে ঢাকার সদরঘাটে এসে অনেকে লঞ্চ চলাচল বন্ধের ঘোষণা শুনে ফিরে গিয়েছিলেন, তবে কেউ কেউ থেকে গিয়েছিলেন লঞ্চ চলাচলের আসায়।

এই তিন দিন সদরঘাটে কাটিয়েছেন, এমন লোকও পাওয়া গেছে। সোমবার থেকে লঞ্চ চলবে শুনে তারা স্বস্তি পেয়েছেন।

ঝালকাঠির রঞ্জনকাঠি গ্রামের ফরিদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্ত্রী ও পাঁচ বছরের শিশুসন্তানকে নিয়ে সদরঘাট টার্মিনালে তিনি অপেক্ষা করছেন শুক্রবার থেকে।

গাজীপুর থেকে এসেছিলেন বলে ফেরা হয়নি বলে জানান তিনি। তার ভাই সেলিম গাজীপুরের সখিপুরে একটি জুতার কারখানায় কাজ করে। তার অসুস্থ স্ত্রীকে দেখতে এক সপ্তাহ আগে গাজীপুরের গিয়েছিলেন ফরিদ।

তিনি ঝালকাঠি যেতে শুক্রবার সন্ধ্যার পর সদরঘাট এসে জানতে পারেন লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এরপর থেকে টার্মিনালেই রাত কাটাচ্ছেন।

ফরিদ বলেন, “বাচ্চাটিকে নিয়ে কষ্ট হচ্ছে। বাড়তি কোনো কাপড় নেই, ফ্লোরে বিছানোর মতো চাদরও নেই। তেমন টাকা-পয়সাও হাতে ছিল না।”

টার্মিনালে এক কোণে বসে থাকতে দেখা যায় ভোলার চরফ্যাশনের চরমঙ্গল গ্রামের ফারুক হোসেন, লাল মিয়া, মোহাম্মদ ইদ্রিস ও সালামকে।

Image
সদরঘাটে লঞ্চের অপেক্ষায় দক্ষিণাঞ্চলের এই মানুষরা

সদরঘাটে লঞ্চের অপেক্ষায় দক্ষিণাঞ্চলের এই মানুষরা

সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার মুন্সীগঞ্জের কাঠপট্টি থেকে সদরঘাটে আসেন তারা। এসে জানতে পারেন লঞ্চ বন্ধের খবর।

মুন্সীগঞ্জে আলু ক্ষেতে কাজ করার জন্য এসেছিলেন এই কৃষিশ্রমিকরা, ঢাকায় পরিচিত কেউ নেই। তাই সদরঘাটের টার্মিনালেই থেকে যান তারা।

বরিশালের হিজলা হরিনাথপুর পুর্বকান্দি গ্রামের লুৎফুর রহমান সিকদারও (৬৮) শুক্রবার থেকে সদরঘাটে অপেক্ষা করছেন বলে জানান।

এদিকে ঘূর্ণিঝড় বুলবুল কেটে যাওয়ায় কয়েক হাজার মানুষ রোববার বিকালে সদরঘাটে ভিড় করেছিলেন লঞ্চে ছাড়ার আশায়। কিন্তু সন্ধ্যায় বিআইডব্লিউটিএ থেকে জানানো হয়, কোনো লঞ্চ এখন ছাড়বে না।

এতে অনেকে ফিরে গেলেও অনেককে দেখা গেছে টার্মিনালে বসে থাকতে। তারা বলছেন, রাতটা সদরঘাটেই কাটাবেন তারা।

সদরঘাট পুলিশ ফাঁড়ির এসআই পাভেল মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার সন্ধ্যা থেকে সারাদেশে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সদরঘাট টার্মিনালে কয়েকশ যাত্রী দিন-রাত কাটাচ্ছে।

এসব যাত্রীদের জন্য নিরাপত্তার ব্যবস্থাও ছিল জানিয়ে তিনি বলেন, “তাদেরকে বলা হচ্ছে, পরিবারে চারজন সদস্য থাকলে সবাই যেন এক সঙ্গে না ঘুমায়। যাতে কেউ ব্যাগ টান দিয়ে না নিতে পারে।”

তবে এপর্যন্ত সে ধরনের কোনো ঘটনা ঘটেনি বলে জানান এসআই পাভেল।

পুরনো খবর:

লঞ্চ ছাড়বে সোমবার