লঞ্চ ছাড়বে সোমবার
ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব কেটে যাওয়ায় সোমবার থেকে সারা দেশে লঞ্চ চলাচলের ঘোষণা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ।
অতি প্রবল ঘূর্ণিঝড় বুলবুল বাংলাদেশের দিকে ধেয়ে আসায় শুক্রবার সন্ধ্যা থেকে সারা দেশে সব ধরনের নৌ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। শনিবার রাত ৯টায় পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ উপকূলে আঘাত হানার ক্রমশ দুর্বল হয়ে ঝড়টি বাংলাদেশে আসে মধ্যরাতে, পরে তা আরও দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে।
রোববার সন্ধ্যার পর বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক একেএম আরিফ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোমবার সকাল ৬টা থেকে থেকে সারা দেশে লঞ্চ ছাড়ার সিদ্ধান্ত হয়েছে।”
প্রবল ঘূর্ণিঝড়টি নিম্নচাপে পরিণত হয়ে চাঁদপুরের উপর দিয়ে চলে যাওয়ায় এই সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।
বিআইডব্লিউটিএর এই কর্মকর্তা বলেন, নদী বন্দরগুলোতে এখনও ২ নম্বর সতর্ক সংকেত রয়েছে। তবে এই সংকেতে ৬৫ ফুটের বড় লঞ্চ চলাচল করতে পারবে।
“আমরা আশা করছি, সোমবার থেকেই লঞ্চ চলাচল চালু করতে পারব,” বলেছেন বিআইডব্লিউটিএ’র পরিচালক জাফর হাওলাদার।
