২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুলবুলে ঢাবি ‘খ’ ইউনিটে ভর্তির সাক্ষাৎকারও পেছালো

ঘূর্ণিঝড় বুলবুলের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটে ভর্তির সাক্ষাৎকার পাঁচ দিন পেছানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2019, 12:44 PM

Updated : 18 Aug 2022, 06:04 PM

সাক্ষাৎকারের নির্ধারিত সময়ের আগের দিন ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করে দুর্বল হওয়ার পর রোববার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ’দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে’ সাক্ষাৎকার পাঁচ দিন পেছানো হয়েছে। সোমবার থেকে সাক্ষাৎকার শুরুর কথা থাকলেও তা শনিবার (১৬ নভেম্বর) থেকে শুরু হবে।

নতুন সূচি অনুযায়ী ১৬ নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত কলা অনুষদের সভাকক্ষে ওই সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

১৬ নভেম্বর মেধাক্রম ১ থেকে ৬০০, ১৭ নভেম্বর মেধাক্রম ৬০১ থেকে ১২০০, ১৮ নভেম্বর মেধাক্রম ১২০১ থেকে ১৮০০ এবং ১৯ নভেম্বর মেধাক্রম ১৮০১ থেকে ২৪০০ অবস্থানে থাকা ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার নেওয়া হবে।

এছাড়া থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ, সংগীত ও নৃত্যকলা বিষয়ে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

১৭ নভেম্বর থেকে ২০ নভেম্বর এই তিন বিষয়ের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা হওয়ার কথা ছিল।

গত ২১ সেপ্টেম্বর খ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষার ফলে দুই হাজার ৩৭৮ আসনের বিপরীতে ভর্তির যোগ্য বিবেচিত হন ১০ হাজার ১৮৮ জন।

ঘূর্ণিঝড় বুলবুলের কারণে ১১ নভেম্বর সোমবারের জেএসসি ও জেডিসি পরীক্ষা পেছানো হয়।  এর আগে ৯ নভেম্বর শনিবারের পরীক্ষাও আগের দিন পেছানো হয়।