হাজারীবাগে ছুরি মেরে যুবক খুন
রাজধানীর হাজারীবাগে এক যুবককে ছুরি মেরে হত্যা করা হয়েছে।
বুধবার গভীর রাতে হাজারীবাগের গজমহল এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত আবিদ হোসেন রূপক (২৩) গজমহল এলাকাতেই থাকতেন। সেখানে একটি কারখানায় তিনি কাজ করতেন।
স্বজনদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, “রাতে ওষুধ কিনতে বাসা থেকে বের হয়েছিলেন রূপক। দুর্বৃত্তরা তাকে রাস্তায় ছুরি মেরে পালিয়ে যায়।”
প্রতীকী ছবি
তবে কারা কেন রূপককে খুন করেছে, সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি স্বজনরা।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
