২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মঘাতী প্রক্রিয়ায় বিদ্যুৎ নয়: ইফতেখারুজ্জামান

চাহিদার কথা বিবেচনায় নিয়ে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর প্রয়োজন স্বীকার করেই টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, তবে প্রকৃতি ও পরিবেশ ধ্বংস করে তা যেন করা না হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2019, 12:35 AM

Updated : 18 Aug 2022, 06:03 PM

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘কয়লার শ্বাসরুদ্ধ: কার্বন বিপর্যয়ের মুখে বাংলাদেশ’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

ইফতেখারুজ্জামান বলেন, “বিদ্যুৎ ছাড়া উন্নয়ন হয় না। সুতরাং বিদ্যুৎ অপরিহার্য হিসেবে ধরে নিতে হবে এবং বিদ্যুৎ উৎপাদন করতে হবে।

“কিন্তু আত্মঘাতী প্রক্রিয়ায় নয়। আমাদের জীবন, প্রকৃতি, পরিবেশ এবং দেশকে ধ্বংস করে নয়। বাংলাদেশ একটাই, একটাই কক্সবাজার, একটাই সুন্দরবন। এদেরকে সুরক্ষা করতে হবে।”

বর্তমান সরকার আমলে বিদ্যুৎ উৎপাদনে যে অগ্রগতি হয়েছে, তার প্রশংসা করে একে অভূতপূর্ব বলেছেন টিআইবির নির্বাহী পরিচালক।

তিনি বলেন, “ইতিমধ্যে সরকার তাদের তৃতীয় মেয়াদে বিদ্যুৎ উৎপাদানে যে অগ্রগতি করেছে, সেটা অভূতপূর্ব বলতে হবে এবং আমাদের বিদ্যুতের ঘটতি অনেকাংশে কমে গেছে। অনেকের ধারণা, অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।”

কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প থেকে সরকারকে সরেেআসার আহ্বান জানিয়ে তিনি বলেন,  এর বিরূপ প্রভাব প্রকৃতি ও পরিবেশের উপর পড়বে। এটা জাতির কাছে সরকারের প্রদত্ত অঙ্গিকারের পরিপন্থি এবং টেকসই উন্নয়নের পরিপন্থি।

নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে জোর দিয়ে ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশ কিন্তু নবায়নযোগ্য  বিদ্যুৎ উৎপাদনে পর্যাপ্ত সামর্থ্যবান, এখন শুধু দরকার রাজনৈতিক সদিচ্ছা।

অনুষ্ঠানে উপস্থাপিত প্রতিবেদনে বলা হয়,  বাংলাদেশে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ৬৩ গুণ বাড়ানোর পরিকল্পনায় বড় প্রভাবকের ভূমিকা পালন করছে চীন, যুক্তরাজ্য, জাপান ও ভারতের মতো প্রভাবশালী রাষ্ট্র। সে পরিকল্পনা অনুযায়ী, ক্রমবর্ধমান বিদেশি অর্থায়নে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা  একটি থেকে ৩০টিতেউন্নীত করা হবে। বিদ্যমান ৫২৫ মেগাওয়াটের বিপরীতে কয়লা বিদ্যুৎ উৎপাদন ৩৩ হাজার ২৫০ মেগাওয়াটে উন্নীত করা হবে, যা বায়ুমণ্ডলে বার্ষিক ১১ কোটি ৫০ লাখ মেট্রিক টন অতিরিক্ত  কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করবে।

এভাবে কার্বন ডাই অক্সাইড নিঃসরণের ফলে জলবায়ুর উপর তার ক্ষতিকর প্রভাবের কথাও বলা হয় প্রতিবেদনে।

প্রতিবেদনে দাবি করা হয়, ভবিষ্যতের চাহিদা মেটাতে কয়লা ছাড়াই পরিবেশবান্ধব, নিরাপদ ও টেকসই বিদ্যুৎ উৎপাদন বাংলাদেশের পক্ষে সম্ভব।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (পবা) এর সাধারণ সম্পাদক এমএ মতিন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।